• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ট্রাম্পের আল্টিমেটাম

চুক্তি অথবা হরমুজ না খুললে ইরানে ‘নরক’ নেমে আসবে

আন্তর্জাতিক ডেস্ক    ৪ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবারও আল্টিমেটাম দিয়েছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তারা চুক্তিতে পৌঁছাবে বা হরমুজ প্রণালী খুলে দেবে, নাহলে “ইরানে নরক নেমে আসবে” বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে লিখেছেন, "মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য দশ দিন সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। তাদের ওপর নরক নেমে আসার আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি।"

সেই সঙ্গে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে উল্লেখ করেন, "সবকিছুর পাশাপাশি আমরা একটি পারমাণবিক ইরানকেও বিদায় জানাচ্ছি।"

এর আগে ২১ মার্চ ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি না খুলে দেয়, তাহলে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো “পুরোপুরি ধ্বংস” করা হবে। পরবর্তীতে তিনি ওই হামলার সিদ্ধান্ত পাঁচ দিনের জন্য স্থগিত করেন এবং নতুন সময়সীমা নির্ধারণ করেন, যা আগামী সোমবার রাত ৮টায় শেষ হওয়ার কথা।

দক্ষিণ ইরানের আকাশে একটি আমেরিকান এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর পরিস্থিতি তীব্র উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। বিমান বিধ্বস্ত হলেও পাইলটকে উদ্ধার করা সম্ভব হয়; তবে ক্রু সদস্য হিসেবে থাকা একজন অস্ত্র ব্যবস্থাপনা কর্মকর্তা এখনও নিখোঁজ। মার্কিন ও ইরানি বাহিনী তাকে উদ্ধারের তল্লাশি চালাচ্ছে।

ইরানি কর্মকর্তারা নাগরিকদের সহায়তা চেয়ে জানাচ্ছেন, নিখোঁজ সেনাকে খুঁজে বের করলে পুরস্কার দেওয়া হবে।

পরিস্থিতি আরও জটিল হয়েছে, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার খবর পাওয়ার পর। ইরানি কর্তৃপক্ষ দাবি করেছেন, ওই ঘটনায় একজন নিহত হয়েছেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, তেজস্ক্রিয়তা বৃদ্ধি পেয়েছে এমন কোনো লক্ষণ দেখা যায়নি। তবে সম্ভাব্য পারমাণবিক দুর্ঘটনা এড়াতে সংস্থাটি ‘সর্বোচ্চ সামরিক সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

সূত্র: বিবিসি

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানকে সহায়তা করছে চীন
ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানকে সহায়তা করছে চীন
হঠাৎ তুরস্ক সফরে জেলেনস্কি
হঠাৎ তুরস্ক সফরে জেলেনস্কি
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান