• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পকেটমার সন্দেহে বৃদ্ধকে ন্যাড়া করে ভিডিও ছড়ানোর অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি    ৫ এপ্রিল ২০২৬, ০৭:১০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে পকেটমারের সন্দেহে এক বৃদ্ধকে জনসম্মুখে অপমান করে মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। পরবর্তীতে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলে এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

শনিবার (৪ এপ্রিল) নলছিটি উপজেলার নাচনমহল বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ্তাহিক হাটে বাজার করতে আসা পাশ্ববর্তী রানাপাশা এলাকার বাসিন্দা রুস্তম আলী ফরাজীর পকেট থেকে ১ হাজার ৫০০ টাকা চুরির অভিযোগে ওই বৃদ্ধকে আটক করা হয়। তবে অভিযুক্ত বৃদ্ধ নিজের নাম-পরিচয় প্রকাশ করেননি বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, ঘটনার পর পান্নু হাওলাদারসহ কয়েকজন ব্যক্তি তাকে পাশের একটি সেলুনে নিয়ে গিয়ে মাথার একাংশ ন্যাড়া করে দেন। এ সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

স্থানীয় সচেতন নাগরিকরা এ ঘটনাকে চরম মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা উচিত ছিল।

এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম জানান, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ভিওডি বাংলা/মোঃ মাহিন খান/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেরপুরে বিজিবির অভিযানে পাইপগানসহ আটক ১
শেরপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
পুলিশ সদস্যদের স্বার্থে শেরপুরে কল্যাণ সভা অনুষ্ঠিত
নওগাঁর মহাদেবপুরে দুর্ঘটনায় উল্টে যাওয়া বিআরটিসি বাস থেকে যাত্রী উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ছবি: ভিওডি বাংলা
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ৯৯৯-এর সহায়তায় জীবিত উদ্ধার ২৫