অপূর্বকে নিয়ে সিনেমার গুঞ্জন উড়িয়ে দিলেন রাফী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করছেন চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন সম্প্রতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন অনলাইন গ্রুপে বিষয়টি নিয়ে চলছিল আলোচনা-সমালোচনাও। তবে শেষ পর্যন্ত বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রাফী।
গুঞ্জনে বলা হয়, ঈদকে সামনে রেখে আগামী বছর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। যদিও সিনেমাটি নিয়ে এখনো কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এমনকি প্রজেক্টটি আদৌ হচ্ছে কি না, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে সরাসরি অবস্থান স্পষ্ট করেন নির্মাতা রাফী। তিনি জানান, প্রচারিত খবরটি সত্য নয় এবং এ ধরনের কোনো প্রকল্প নিয়ে তার সঙ্গে কারও আলোচনা হয়নি। গুঞ্জন উড়িয়ে তিনি বলেন, ‘এটা ফেক নিউজ। এরকম কোনো কিছু নিয়ে কথা হয়নি। আপাতত ভাবছিও না।’
বর্তমানে রায়হান রাফী ব্যস্ত রয়েছেন তার আসন্ন ঈদের সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে। পোস্ট-প্রোডাকশন ও আন্তর্জাতিক প্রদর্শনীকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন তিনি। ইতোমধ্যে ছবিটি নিয়ে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হচ্ছেন বলেও জানা গেছে।
আগামী ২২ এপ্রিল যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য নবম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে ‘প্রেশার কুকার’। উৎসবের অংশ হিসেবে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে এবং সেখানে উপস্থিত থাকবেন নির্মাতা নিজেও।
সিনেমাটি নিয়ে রাফী বলেন, ‘আমাদের এই সিনেমাটি আর্টিস্টিক সিনেমা। এ ধরনের সিনেমা ফেস্টিভ্যালে দর্শকদের প্রশংসা পায়। সেখানে আমাদের সিনেমাটি হলে এখনো ভালো চলছে। এর মধ্যেই আবার সিনেমাটির প্রিমিয়ারের জন্য লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ডাক পেয়েছি। সব মিলিয়ে আমরা সিনেমা নিয়ে খুশি।’
ভিওডি বাংলা/জা







