বহু বছর পর আমরা প্রকৃত গণতন্ত্রের স্বাদ পেয়েছি : স্পিকার

ভোলা প্রতিনিধি
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, এখন বাংলাদেশে বহু বছর পর প্রকৃত গণতন্ত্রের স্বাদ পেয়েছি আমরা। বহু বছর পর একটি সুষ্ঠু নির্বাচন ১২ ফেব্রুয়ারি দেখেছেন আপনারা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে নাগরিক ফোরামের আয়োজনে লালমোহন উপজেলাবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, মাফিয়া সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারতো না। মিথ্যা মামলায় জেল খেটেছে। গায়েবি মামলার আসামিও ছিলেন। অবশেষে অনেক ত্যাগ-তিতিক্ষার পর বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে। তাই কেউ প্রতিহিংসার রাজনীতি করবেন না। এটা জিয়াউর রহমানের দল।
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর কেউ জুলুম করলে সবাই মিলে প্রতিরোধ করবেন।
তিনি আরও বলেন, ভোলা-বরিশাল সেতু এটা অত্যন্ত প্রয়োজন। এটা ভোলাবাসীর প্রাণের দাবি। এটা বাস্তবায়নের চেষ্টা করা হবে।
এসময় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এসআর







