• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেনী

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: পাঁচজনের বিরুদ্ধে মামলা

ফেনী প্রতিনিধি    ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪২ এ.এম.
ছবি: সংগৃহীত

ফেনীতে ভুল চিকিৎসায় নাছিমা আক্তার লিজা নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় তিন চিকিৎসকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম। 

মামলার আসামিরা হলেন— ওয়ান স্টেপস মেটারনিটি ক্লিনিকের মালিক ডা. নাজমুল হক ভূঁইয়া, তার স্ত্রী ডা. নাসরিন আক্তার মুক্তা, ফেনী প্রাইভেট হাসপাতালের মালিক ডা. আবদুল কাইয়ুম, মোটবী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা গীতা রানী এবং ওয়ান স্টেপস মেটারনিটি ক্লিনিকের ম্যানেজার আতিউর রহমান।

এজাহার সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা লিজার প্রসবের সম্ভাব্য তারিখ ছিল ১২ এপ্রিল। তবে ১০ এপ্রিল প্রসব ব্যথা শুরু হলে তাকে প্রথমে স্থানীয় মোটবী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নেওয়া হয়। পরে এক স্বাস্থ্য সহকারীর পরামর্শে তাকে ফেনী শহরের ওয়ান স্টেপস মেটারনিটি ক্লিনিকে ভর্তি করা হয়।

অভিযোগে বলা হয়, ক্লিনিকে নেওয়ার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই জরুরি ভিত্তিতে তার সিজার অপারেশন করা হয়। অপারেশনের পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। এ সময় তাকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়।

পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে একই দিন তাকে ফেনী প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবারও কোনো পরীক্ষা ছাড়াই দ্বিতীয়বার অপারেশন করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে চট্টগ্রামে পাঠানো হয়।

ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ভুক্তভোগী পরিবার পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল রাতে ওয়ান স্টেপস মেটারনিটি ক্লিনিকে লিজার অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরদিন সকালে নবজাতক সন্তান রেখে তাকে ফেনী প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়। সেখানে কয়েক ঘণ্টা অপারেশন থিয়েটারে রাখার পর বিকেলে চট্টগ্রামে পাঠানো হয়। চট্টগ্রামে নেওয়ার পথে গাড়িতেই তার মৃত্যু হয়। পরদিন ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

ভিওডি বাংলা/জহির আদনান/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযান: ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার
বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযান: ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার
দেশে দেড় ঘন্টার ব্যবধানে বজ্রপাতে ১২ জনের মৃত্যু
দেশে দেড় ঘন্টার ব্যবধানে বজ্রপাতে ১২ জনের মৃত্যু
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক