• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাঁদা দাবির অভিযোগে বিয়ের অনুষ্ঠানে হামলা, আহত ৪

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪২ এ.এম.
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বিচার দাবি করেন বিএনপি নেতা সোহরাব হাওলাদার: ছবি-ভিওডি বাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় চাঁদা না পেয়ে এক বিএনপি নেতার ছেলের বিয়ের অনুষ্ঠানে হামলা ও স্বজনদের মারধরের অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিকদলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে অভিযুক্ত নেতা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে রাঙ্গাবালী প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রাঙ্গাবালী ইউনিয়ন (দক্ষিণ) শাখার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহরাব হাওলাদার। বক্তব্য দিতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহরাব হাওলাদার জানান, তার কনিষ্ঠ ছেলে রাশেদুল ইসলামের বৌভাত উপলক্ষে গত ১১ মার্চ রাতে সদর ইউনিয়নের সামুদাবাদ গ্রামে নিজ বাড়িতে পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তার ভাগিনা, উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান শাকিলসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

তার অভিযোগ, এ সময় উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ মুন্সির নেতৃত্বে জামাল ও স্বপনসহ ৪০-৫০ জন লোক অনুষ্ঠানস্থলে এসে সোলাইমান শাকিলকে চলে যেতে বলেন। একই সঙ্গে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং চাঁদা না দিলে অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

সোহরাব হাওলাদার আরও দাবি করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গাঁজা সেবনের মিথ্যা অভিযোগ তুলে তার ভাগিনা সোলাইমান শাকিল, নাতি নিবিড় ইসলাম, জয় ও দ্বীপকে পাশের একটি বাড়িতে নিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হন।

তিনি জানান, নিরুপায় হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে দু’জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও সোলাইমান শাকিল ও তার ছেলে নিবিড় ইসলাম এখনও চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নিবিড় ইসলাম, যিনি এবারের এসএসসি পরীক্ষার্থী, তার পরীক্ষা দেওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে সোহরাব হাওলাদার বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। একাধিকবার নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু এখন নিজের দলের লোকজনই আমার কাছে চাঁদা দাবি করছে। আমার ছেলের আনন্দের অনুষ্ঠান নষ্ট করে দেওয়া হয়েছে। গত এক সপ্তাহ ধরে বিভিন্ন নেতার কাছে গিয়েও কোনো বিচার পাইনি।”

তিনি পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ মুন্সি অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। পরে পরিস্থিতি শান্ত করতে রাত সাড়ে ১২টার দিকে সেখানে যাই। সোলাইমান শাকিলসহ কয়েকজন গাঁজা সেবন করেছিলেন-এ কারণে স্থানীয় ছেলেরা তাদের মারধর করেছে।”

তিনি আরও বলেন, “ঘটনা ১১ তারিখের হলেও তিনি ১৮ তারিখে সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। আগে তিনি বলেছেন জামাল চাঁদা চেয়েছে। শুধু অভিযোগ করলেই তো হবে না। আমি এসবের সঙ্গে জড়িত নই, আমার জীবনে চাঁদাবাজির কোনো রেকর্ড নেই।”

ঘটনাটি এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা জরুরি।

ভিওডি বাংলা/মো. কাওছার আহম্মেদ/জা 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াগাতীতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ৪ জনকে জরিমানা
নড়াগাতীতে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ৪ জনকে জরিমানা
শিশু পার্কের জায়গা বরাদ্দ ও গাছ কাটার অভিযোগে স্থানীয়দের ক্ষোভ
শিশু পার্কের জায়গা বরাদ্দ ও গাছ কাটার অভিযোগে স্থানীয়দের ক্ষোভ
পঞ্চগড়ে কর্তব্যরত চিকিৎসককে মারধর, রংপুর থেকে আটক ২
পঞ্চগড়ে কর্তব্যরত চিকিৎসককে মারধর, রংপুর থেকে আটক ২