সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রস্তাব পেয়েও তা গ্রহণ করেননি বলে জানিয়েছেন তাসনিম জারা। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন এবং সরাসরি ভোটের মাধ্যমে নারীদের সংসদে যাওয়ার পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তাসনিম জারা এ তথ্য জানান।
পোস্টে তিনি লিখেছেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণার পর অনেকেই তার সংসদে না যাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেছেন, এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞ।
তিনি বলেন, সংরক্ষিত আসনে মনোনয়নের প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি তা গ্রহণ করেননি। তার মতে, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া অধিকতর গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক।
তাসনিম জারা উল্লেখ করেন, ঐকমত্য কমিশনে তিনি আগেই মত দিয়েছিলেন যে সংরক্ষিত নারী আসনগুলো দলীয় মনোনয়নের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত। এ দাবির পক্ষে তিনি প্রচারণা চালিয়েছেন এবং জনসমর্থন সংগ্রহ করেছেন। সেই অবস্থান থেকে সরে এসে প্রস্তাব গ্রহণ করা তার পক্ষে সম্ভব হয়নি বলেও জানান তিনি।
তবে বর্তমানে যারা সংরক্ষিত আসনের মাধ্যমে সংসদে যাচ্ছেন, তাদের বিষয়ে কোনো নেতিবাচক মন্তব্য করেননি তিনি। বরং তাদের যোগ্যতা স্বীকার করে সফলতা কামনা করেন।
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এটি কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং পুরো ব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে তার আপত্তি। সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধি ভোটারদের কাছে জবাবদিহি করেন এবং প্রয়োজনে দলীয় অবস্থানের বিরুদ্ধেও কথা বলতে পারেন। অন্যদিকে দলীয় মনোনয়নে নির্বাচিতদের ক্ষেত্রে এ জবাবদিহিতার সুযোগ সীমিত থাকে।
তিনি আরও বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী হওয়ায় তাদের প্রতিনিধিত্বও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই নিশ্চিত হওয়া উচিত। সংরক্ষিত আসন থাকলেও তা জনগণের ভোটের ভিত্তিতে নির্ধারণের দাবি জানান তিনি।
উল্লেখ্য, তাসনিম জারা এর আগে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। স্বল্প সময়ের প্রচারণায় তিনি ৪৪ হাজারের বেশি ভোট পান বলে জানান। নির্বাচনে অনিয়মের অভিযোগ থাকলেও তিনি ফলাফল মেনে নিয়েছেন।
সংসদের বাইরে থেকেও জনস্বার্থে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, ভবিষ্যতে সংসদে গেলে তা জনগণের সরাসরি ভোটেই হতে চান।
ভিওডি বাংলা/আরকেএইচ/এসআর







