শেবাচিম প্রাক্তন ছাত্র সমিতির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত

শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) প্রাক্তন ছাত্র সমিতির ৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি ভবনের চতুর্থ তলায় আয়োজিত এক জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সমিতির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবুর সভাপতিত্বে রোববার দুপুর ১২টায় এই সভা শুরু হয়। সভায় গত ২ এপ্রিল অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক পূর্বনির্ধারিত এজেন্ডা অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। উপস্থিত সকল সদস্যের সম্মতিতে ৯১ সদস্যের এই কমিটি অনুমোদন করা হয়।
উক্ত জরুরি সাধারণ সভায় সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন শেবাচিম প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, শেবাচিম প্রাক্তন ছাত্র সমিতির কোষাধ্যক্ষ ডা. ফারুক হোসেন। এছাড়াও সভায় সমিতির প্রায় ৭০ জন সদস্য স্বশরীরে উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু বলেন, এই পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। প্রাক্তন ছাত্রদের ঐক্যবদ্ধ রাখা এবং আর্তমানবতার সেবায় শেবাচিম পরিবার সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।
সভা শেষে উপস্থিত সদস্যবৃন্দ নতুন কমিটিকে স্বাগত জানান এবং সংগঠনের সমৃদ্ধি কামনায় মধ্যাহ্নভোজে অংশ নেন।
ভিওডি বাংলা/সম্রাট/এসআর







