• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেনীতে নারীর সঙ্গে অশোভন আচরণে চালক গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি    ২২ এপ্রিল ২০২৬, ০২:১০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ফেনীর মাস্টারপাড়া এলাকায় এক নারীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফৌজুল আজিম জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। ধারাবাহিক তল্লাশি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে চট্টগ্রাম শহরের একটি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল সকাল প্রায় ৯টা ৪১ মিনিটে বাদী মনিষা সেন তার বোনের বাসা থেকে নিজ বাসায় ফিরছিলেন। এ সময় তিনি ফেনী মডেল থানাধীন মাস্টারপাড়া এলাকার সোবহান মঞ্জিলের সামনে পৌঁছালে রাস্তার পাশে অবস্থান করা এক অটোরিকশা চালক তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় ডাকাডাকি শুরু করে বলে অভিযোগ ওঠে।

প্রতিবাদ করলে ওই ব্যক্তি আরও অশালীন মন্তব্য করতে থাকে এবং এক পর্যায়ে প্রকাশ্যে অশোভন ও বিকৃত আচরণ প্রদর্শন করে। অভিযোগে বলা হয়, সে লুঙ্গি তুলে যৌনাঙ্গ প্রদর্শনসহ বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে ভুক্তভোগীকে হেনস্তা করে। এ ঘটনার সময় ভুক্তভোগী মোবাইল ফোনে পুরো ঘটনাটি ধারণ করেন।

পরে তিনি চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি তাকে হুমকি দেয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পর ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার নম্বর ৩৭/২১৩, তারিখ ২২ এপ্রিল ২০২৬। 

তদন্তকারী কর্মকর্তা এসআই পারসিত চাকমা ভুক্তভোগীর ধারণকৃত ভিডিও বিশ্লেষণ করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের পরিচয় শনাক্ত করেন। পরে পুলিশের একটি দল চট্টগ্রামে অভিযান চালিয়ে মো. রুবেল খান (৩০), যিনি ‘হাতকাটা রুবেল’ নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রুবেল খানের স্থায়ী ঠিকানা বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার কালিকাবাড়ী এলাকা। তিনি দীর্ঘদিন ধরে ফেনী পৌরসভার পূর্ব উকিলপাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে জানা গেছে।

ফেনী মডেল থানার ওসি মো. ফৌজুল আজিম বলেন, “ঘটনার গুরুত্ব বিবেচনায় দ্রুত অভিযান পরিচালনা করা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/জহির আদনান/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনব চোর চক্রের উপদ্রবে, অন্ধকারে অর্ধশতাধিক পরিবার
অভিনব চোর চক্রের উপদ্রবে, অন্ধকারে অর্ধশতাধিক পরিবার
ডিজেল সংকটে কক্সবাজারে বোরো চাষ হুমকিতে, বন্ধ সেচপাম্প
ডিজেল সংকটে কক্সবাজারে বোরো চাষ হুমকিতে, বন্ধ সেচপাম্প
নিয়ামতপুরে একই পরিবারের ৪ হত্যার ঘটনায় থানায় মামলা
নিয়ামতপুরে একই পরিবারের ৪ হত্যার ঘটনায় থানায় মামলা