• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের জন্য সব রুটে বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২২ পি.এম.
চাঁপাইনবাবগঞ্জে দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে বাস টার্মিনালে থমকে আছে যান চলাচল: ছবি-ভিওডি বাংলা

চাঁদা আদায়কে কেন্দ্র করে দু'টি শ্রমিক সংগঠনের দীর্ঘদিনের বিরোধ চরমে পৌঁছালে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে শ্রমিকদের একাংশ কর্মবিরতি শুরু করলে জেলার অভ্যন্তরীণ, আন্তঃউপজেলা ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্থবির হয়ে পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

শ্রমিক ও সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুই সংগঠনই জেলার বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে চাঁদা আদায় করছে-এমন অভিযোগকে কেন্দ্র করেই মূলত উত্তেজনার সূত্রপাত।

শ্রমিকরা জানান, উভয় সংগঠনের মধ্যে এই দ্বন্দ্ব দীর্ঘদিনের হলেও সম্প্রতি তা তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে একটি পক্ষ হঠাৎ কর্মবিরতির ঘোষণা দিলে শুক্রবার সকাল থেকেই সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন, "দীর্ঘদিন ধরে দুটি সংগঠন একীভূত হয়ে শ্রমিকদের কল্যাণে নির্ধারিত হারে চাঁদা আদায় করছেন তারা। কিন্তু হঠাৎ করেই মোটর শ্রমিক ইউনিয়নের নামে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুরে আলাদাভাবে চাঁদা আদায় শুরু করে একটি পক্ষ। এর প্রতিবাদে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। তিনি আরও বলেন, টার্মিনালের বাইরে সড়কে চাঁদা আদায়ের এক্তিয়ার কোন সংগঠনের নেই।"

অন্যদিকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত বলেন, "তারা নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা আদায় করছেন। ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যানের পাশাপাশি বাস থেকে চাঁদা নিচ্ছে। অথচ বাস থেকে চাঁদা নেয়ার অনুমতি ওই সংগঠনের নেই।"

এ পরিস্থিতিতে পরিবহন খাতে অচলাবস্থা দেখা দিলে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, "দুই সংগঠনের বিরোধ মেটাতে পুলিশ উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিল। কিন্তু দুই পক্ষের অনড় অবস্থানের জন্য সমঝোতা করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করছি বিষয়টি সমাধান করার। তিনি আরও বলেন, শ্রমিক সংগঠনের দুই পক্ষকেই বলা হয়েছে, সড়কে কোন ধরণের চাঁদাবাজি করা যাবে না।"

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেলের সংকট আংশিক কৃত্রিম: মির্জা ফখরুল
তেলের সংকট আংশিক কৃত্রিম: মির্জা ফখরুল
সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৬ রাবার শ্রমিক উদ্ধার
সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৬ রাবার শ্রমিক উদ্ধার
জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয়: আইনমন্ত্রী
জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয়: আইনমন্ত্রী