• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব পণ্যমূল্যে সীমিত থাকবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি    ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পি.এম.
সাংবাদিকদের সাথে কথা বলছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলেও পণ্যমূল্যে এর প্রভাব খুবই সীমিত থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করতে হলেও তার চাপ সাধারণ মানুষের ওপর পড়তে দেওয়া হবে না; সরকার তা যথাযথভাবে সামাল দেবে।

মন্ত্রী জানান, দেশে ডিজেলের দাম প্রায় ১৫ শতাংশ বাড়ানো হয়েছে, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় কম। এই সামান্য বৃদ্ধির ফলে পণ্যমূল্যে কেজিপ্রতি প্রায় ৩০ পয়সার প্রভাব পড়তে পারে, যা সামগ্রিক মূল্যস্ফীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেট সদরের মাসুকগঞ্জ বাজারে বাসিয়া খাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র দুই মাস। তবে অতীত থেকে পাওয়া নানা অব্যবস্থাপনা ও অরাজকতার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

শিল্পমন্ত্রী আরও জানান, দেশের বিদ্যুৎ উৎপাদন এখনো অনেকাংশে গ্যাসনির্ভর। দেশে দৈনিক প্রায় ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হলেও অতিরিক্ত প্রায় ৯ মিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করতে হয়। বিভিন্ন জটিলতার কারণে চাহিদা অনুযায়ী গ্যাস আমদানি সম্ভব না হওয়ায় লোডশেডিং বেড়েছে।

সংকট নিরসনে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এলএনজি আমদানির সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ জন্য জ্বালানি মন্ত্রণালয় শিগগিরই দরপত্র আহ্বান করবে। পাশাপাশি বৈশ্বিক অস্থিরতার ঝুঁকি মোকাবিলায় জ্বালানি সংরক্ষণ সুবিধা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

সৌদি আরব থেকে উচ্চমূল্যে জ্বালানি আমদানির প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মজুত বাড়ানো জরুরি। ভবিষ্যতে বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশ যেন বিপাকে না পড়ে, সে লক্ষ্যে নতুন সংরক্ষণাগার নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এ সময় বাসিয়া খাল খনন প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, খালটির মোট দৈর্ঘ্য ৪০ কিলোমিটার হলেও প্রথম ধাপে ২৩ কিলোমিটার খনন করা হবে। এটি ওসমানীনগর হয়ে জগন্নাথপুর পর্যন্ত বিস্তৃত হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ৯০ হাজার কৃষক উপকৃত হবেন এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় প্রায় ২০ হাজার হেক্টর জমিতে অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, আগামী ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান বাসিয়া খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেলের সংকট আংশিক কৃত্রিম: মির্জা ফখরুল
তেলের সংকট আংশিক কৃত্রিম: মির্জা ফখরুল
সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৬ রাবার শ্রমিক উদ্ধার
সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৬ রাবার শ্রমিক উদ্ধার
জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয়: আইনমন্ত্রী
জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয়: আইনমন্ত্রী