ক্ষমতায় বসিয়েছে জনগণ, চাইলে ছুড়েও ফেলবে: হান্নান মাসউদ

রাজনীতির ময়দানে উত্তাপ ছড়ালেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। বিএনপির উদ্দেশে কঠোর ভাষায় সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় থাকার ‘হানিমুন পিরিয়ড’ শেষ হলে বাস্তবতা টের পাবে দলটি।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আংশিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
বিএনপির সমালোচনা করে হান্নান মাসউদ বলেন, ‘আপনারা ক্যাম্পাসগুলোতে অস্ত্রের রাজনীতি শুরু করেছেন, বিরোধীদল এবং মতকে স্তব্ধ করার চেষ্টা করছেন। মনে রাখবেন—মাত্র তিন-চার মাসের যাত্রায় আপনাদের হানিমুন পিরিয়ড যাচ্ছে। হানিমুন পিরিয়ড শেষ হলে বুঝতে পারবেন। জনগণ আপনাদের যেভাবে ক্ষমতায় বসিয়েছে ঠিক সেভাবে ক্ষমতা থেকে ছুড়েও ফেলতে পারবে।’
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলেও গণভোট বাস্তবায়নে উদ্যোগী হচ্ছে না। তার ভাষায়, ‘তারা নাকি চাপে পড়ে হ্যাঁ ভোট দিয়েছে।’ একইসঙ্গে তিনি দাবি করেন, এরশাদ ও শেখ হাসিনার পতনের মতো পরিণতি বিএনপির জন্যও অপেক্ষা করছে।
হান্নান মাসউদ বলেন, ‘২০০১ সালে বিএনপি সরকার যেভাবে নিজেদের নেতাকর্মীদের ওপর যৌথবাহিনীর মাধ্যমে অভিযান চালিয়েছে, আমার মনে হয় তারেক রহমানও একই কাজ করতে বাধ্য হবেন। এটাই চরম বাস্তবতা।’
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের পথ অনুসরণ করছে বিএনপি। তবে জনগণ এই ধারাকে প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি বঞ্চিত ও নিপীড়িত মানুষের পক্ষে কথা বলবে এবং আগামী ১০ বছরের মধ্যে ক্ষমতায় আসবে।
অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এমএস







