গাইবান্ধায় জমি বিরোধ, সংঘর্ষে নিহত ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম কফিল উদ্দিন মাস্টার (৬৫)।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার ৯নং হরিরামপুর ইউনিয়নের হরিপুর (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমি নিয়ে প্রতিপক্ষের ইউপি সদস্য জলিলের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে কফিল উদ্দিনকে এলোপাথাড়ি লাঠিপেটা করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, এলাকায় যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের শনাক্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ভিওডি বাংলা/ বিন্দু







