• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

উত্তর-পূর্বাঞ্চলে উজানের ঢল, বৃষ্টি-বন্যায় পরিস্থিতি অবনতির শঙ্কা

ভিওডি বাংলা ডেস্ক    ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পি.এম.
উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা। ছবি: সংগৃহীত

দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় হাওর অববাহিকায় টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে নদ-নদীর পানি বাড়ছে। এই ধারা অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পাউবোর সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান জানান, নেত্রকোনার ভুগাই-কংস নদীর জারিয়া জাঞ্জাইল পয়েন্টে, সোমেশ্বরী নদীর কমলাকান্দা পয়েন্টে, মগরা নদীর নেত্রকোনা পয়েন্টে এবং মৌলভীবাজারের মনু নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানির সমতল গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেলেও তা এখনও প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে হাওর অঞ্চলেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পাউবো জানিয়েছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন এ অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীর পানির সমতল আগামী তিন দিন বাড়তে পারে। তৃতীয় দিনে কুশিয়ারা নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং সুরমা নদী সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া নেত্রকোনার ভুগাই-কংস নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, যা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা তৈরি করছে।

নেত্রকোনা ও কিশোরগঞ্জের ধনু-বাউলাই নদীর পানিও বাড়তে পারে। এর মধ্যে বাউলাই নদী খালিয়াজুড়ি পয়েন্টে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করতে পারে, ফলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

অন্যদিকে, মৌলভীবাজার ও হবিগঞ্জের মনু, খোয়াই ও জুড়ি নদীর পানিও বাড়তে পারে। এর মধ্যে খোয়াই ও জুড়ি নদী দ্রুত বৃদ্ধি পেয়ে আগামী ২৪ ঘণ্টায় প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে মৌলভীবাজারের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি এবং হবিগঞ্জে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

ভিওডি বাংলা/আরকেএইচ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী