জামায়াতকে ইশরাকের হুঁশিয়ারি
সরকার পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন ঘটানো হবে

সরকারকে পতনের হুমকি দিলে তার জবাব রাজপথেই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, আপনারা (বিরোধী দল) যদি আমাদের পতনের হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকেই আপনাদের পতন ঘটানো হবে ইনশাআল্লাহ।
বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, বিরোধী দলের সদস্যরা সংসদে সুন্দর বক্তব্য দেন, আমরা তাদের এপ্রিসিয়েট করি। কিন্তু তারা সংসদের বাইরে এবং ভেতরেও যেভাবে বক্তব্য রাখছেন, তার মাধ্যমে যে বিষবাষ্প ছড়ানো হচ্ছে, তার প্রভাব আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখতে পাচ্ছি। ক্যাম্পাসগুলো উত্তপ্ত হচ্ছে, ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার জ্বালানি সংকট নিয়ে একটি কার্যকর কমিটি গঠন করা হলো, বিরোধীদলীয় নেতাও ইতিবাচক বক্তব্য রাখলেন। কিন্তু, পরের দু’দিন সংসদ বন্ধ থাকাকালীন তাদের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় জনগণকে উসকানি দিয়েছেন। এমনকি ১৭ দিনের মধ্যে নাকি বিএনপির নির্বাচিত সরকারকে তারা হটাবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘এই সরকার ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে নাই। ১৪, ১৮ কিংবা ২৪-এর নির্বাচনের মাধ্যমেও আসে নাই। আমরা জনগণের সরাসরি ভোটে ম্যান্ডেট পেয়ে এই সংসদে এসেছি। আমাদের কেউ যদি হুমকি-ধমকি দিয়ে মনে করে সরকার পতনের করবে, তবে আমি সংসদ নেতার উদ্দেশ্যে বলতে চাই, আপনি শুধু নির্দেশ দিন; আমরা রাজপথে থেকেই ভোটাধিকার প্রতিষ্ঠা করেছি এবং খুনি হাসিনাকে পতন ঘটিয়েছি। বিরোধী দলকে বলছি আপনারা যদি আমাদের পতনের হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকেই আপনাদের পতন ঘটানো হবে ইনশাআল্লাহ।
তিনি বলেন, ‘আমরা কোনও বিভক্তির রাজনীতি চাই না, শান্তির রাজনীতি চাই। ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হলে আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আপনারা যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি করেন, তবে তাতে একমাত্র লাভবান হবে পলাতক ফ্যাসিবাদের দোসররা। তারা যদি আবার ফিরে আসে তবে আন্দোলনকারীদের কী অবস্থা করবে, তা কি আপনারা ভেবে দেখেছেন?’
ভিওডি বাংলা/এসআর







