ইতালিতে ছোট ভাইকে হত্যা, ভিডিও কলে মরদেহ দেখান বড় ভাই

ইতালিতে পারিবারিক দ্বন্দ্বের জেরে এক প্রবাসী বাংলাদেশি ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে তারই বড় ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি ভিডিও কলে পরিবারের সদস্যদের মরদেহ দেখান এবং হত্যার কথা স্বীকার করেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইতালির লেইজ শহরে। স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের দুই ছেলে হুমায়ুন ফকির ও নয়ন ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে বড় ভাই হুমায়ুন ফকির ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন।
নিহতের এক ঘনিষ্ঠ বন্ধু, নাম প্রকাশ না করার শর্তে জানান, হুমায়ুন ফকির দীর্ঘ প্রায় ১২ বছর ধরে প্রবাসে রয়েছেন। তিনি প্রথমে লিবিয়ায় যান এবং পরবর্তীতে সেখান থেকে ইতালিতে প্রবেশ করেন। পরে ২০২৩ সালে তার সহায়তায় ছোট ভাই নয়ন ফকিরও ইতালিতে যান।
স্থানীয় ও ঘনিষ্ঠ সূত্রে আরও জানা যায়, হুমায়ুন ফকিরের পারিবারিক জীবনে জটিলতা ছিল। তিনি দুইটি বিয়ে করেছেন এবং সম্প্রতি প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এ বিষয়টি নিয়েও পরিবারের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ছোট ভাই নয়ন ফকির বড় ভাইকে প্রথম স্ত্রীকে তালাক না দিতে অনুরোধ করেন, যা নিয়ে তাদের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বলেন, “পারিবারিক দ্বন্দ্বের কারণে ইতালিতে এক ভাই আরেক ভাইকে হত্যা করেছে বলে আমরা জেনেছি। বিষয়টি সম্পর্কে আমরা অবগত রয়েছি।”
ইতালিতে ঘটে যাওয়া এই ঘটনার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। ঘটনার সঠিক তদন্ত এবং পরবর্তী আইনগত পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।
ভিওডি বাংলা/জা







