• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদক ও জুয়ার টাকা জোগাতে ফাদারকে বেঁধে গির্জায় লুট, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক    ১ মে ২০২৬, ০৪:৫৩ পি.এম.
ভাটারা থানায় আয়োজিত সংবাদ সম্মেলন : ছবি-ভিওডি বাংলা

রাজধানীর ভাটারা থানাধীন বারিধারা এলাকায় ডি মাজেন্ড গির্জায় ঢুকে গির্জার পরিচালক ফাদার সুবাস পুলক গমেজের হাত-পা ও মুখ বেঁধে লুটপাটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।   

শুক্রবার (১ মে) দুপুরে ভাটারা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ।

গ্রেপ্তাররা হলেন-আবুল হোসেন রতন ওরফে হাবু, মোহাম্মদ নিজাম ওরফে মিজান এবং আক্তার হোসেন মনা ওরফে মনির।

সংবাদ সম্মেলনে তানভীর আহমেদ জানান, গত ২৮ এপ্রিল রাত আড়াইটার দিকে মুখোশ পরা দুই দুষ্কৃতকারী গির্জার দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। প্রথমে তারা গির্জার স্টাফদের কক্ষ বাইরে থেকে বন্ধ করে দেয়। পরে গির্জার পরিচালক ফাদার সুবাস পুলক গমেজের অফিস কক্ষের গ্রিল কেটে ভেতরে ঢুকে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে।

এরপর আলমারি খুলে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র লুট করে। পরে বাইরে থাকা আরেক সহযোগীর সহায়তায় ব্যাটারিচালিত রিকশায় করে পালিয়ে যায় তারা।

ঘটনার পর পুলিশ গুরুত্বসহকারে তদন্ত শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে গির্জার পাশে একটি ব্যাটারিচালিত রিকশার সন্দেহজনক চলাচল শনাক্ত করা হয়।

এরপর কয়েক হাজার রিকশা ও চালকের তথ্য যাচাই করে আক্তার হোসেন মনা ওরফে মনিরকে শনাক্ত করা হয়। পরে মুগদা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত ব্যাটারিচালিত রিকশা ও লুট হওয়া নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার রামগতির চরাঞ্চল থেকে মোহাম্মদ নিজাম ওরফে মিজানকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় লুট হওয়া ৪৮ হাজার টাকা।

পরবর্তীতে গ্রেপ্তারদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে মূল পরিকল্পনাকারী আবুল হোসেন রতন ওরফে হাবুকে রাজধানীর খিলক্ষেত থানার আমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্র ও নগদ এক লাখ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আবুল হোসেন রতন ওরফে হাবুর বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেতসহ দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। মোহাম্মদ নিজাম ওরফে মিজানের বিরুদ্ধে কুমিল্লার লালমাই থানায় একটি দস্যুতা মামলা এবং আক্তার হোসেন মনা ওরফে মনিরের বিরুদ্ধে সিএমপির হালিশহর থানায় একটি মাদক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তাররা মাদকাসক্ত এবং অনলাইন জুয়ায় আসক্ত। মাদক ও জুয়ার টাকা জোগাতে তারা রাজধানীসহ বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও দস্যুতাসহ নানা অপরাধে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/এম আই/জা   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোরে অঝোরে বৃষ্টি, ঢাকার বিভিন্ন রাস্তায় পানি
ভোরে অঝোরে বৃষ্টি, ঢাকার বিভিন্ন রাস্তায় পানি
২০২ জন হকার পেল ডিএনসিসির ডিজিটাল পরিচয়পত্র
২০২ জন হকার পেল ডিএনসিসির ডিজিটাল পরিচয়পত্র
ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি, নদীবন্দরে সতর্ক সংকেত
ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি, নদীবন্দরে সতর্ক সংকেত