• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ৩ মে ২০২৬, ০৯:৩৭ এ.এম.
ছবি : ভিওডি বাংলা

দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২ মে) সন্ধ্যায় দিনাজপুর শহরের গোর-এ শহীদ বড় ময়দানে দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ১৯তম বাণিজ্য মেলা ২০২৫-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ তিনি মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকারও নির্দেশনা দেন।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু পুলিশের পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। পরিবার, সমাজ ও তরুণদের সম্পৃক্ত করে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

তিনি আরও জানান, দিনাজপুর শহরের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি বেগম খালেদা জিয়ার জন্মস্থান উন্নয়নে উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি সন্তোষজনক নয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরু ইসলাম মনজু, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পুলিশ সুপার জেদান আল মুসাসহ অন্যান্য অতিথিরা।

উদ্বোধনের আগে মন্ত্রী অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে মাসব্যাপী বাণিজ্য মেলার আনুষ্ঠানিক সূচনা করেন। পরে জমকালো আতশবাজির প্রদর্শনী দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী