শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদলকর্মী শেখ মোহাম্মদ আশিককে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করেছে পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে এ চার্জশিট জমা দেওয়া হয়, যেখানে ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক নির্দেশনা ও পরিকল্পিত হামলার ইঙ্গিত উল্লেখ করা হয়েছে।
তবে তদন্ত প্রতিবেদনে উল্লেখযোগ্য আরেকটি দিক হলো- মোট ১২৭ জনকে মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস জামান জানান, সংশ্লিষ্টতা না পাওয়া এবং ঘটনার সময় অভিযুক্তদের মোহাম্মদপুর এলাকায় উপস্থিতির প্রমাণ না থাকায় তাদের নাম বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
চার্জশিটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহমেদ, তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেলসহ আরও অনেকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তদের মধ্যে একটি অংশের মধ্যে পূর্বপরিকল্পিত সমন্বয় ও নির্দেশনার ভিত্তিতে সহিংস কর্মকাণ্ড পরিচালনার ইঙ্গিত পাওয়া গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ময়ূর ভিলা এলাকায় আন্দোলনকারীরা বিক্ষোভে অংশ নেন। ওই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদলকর্মী শেখ মোহাম্মদ আশিক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এই ঘটনার পর আশিকের পক্ষ থেকে একই বছরের ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। মামলায় শুরুতে শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও প্রায় দেড়শ’ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।
ভিওডি বাংলা/জা







