• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাহ আমানতে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১

চট্টগ্রাম প্রতিনিধি    ৩ মে ২০২৬, ১২:২২ পি.এম.
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে জব্দ করা বিদেশি সিগারেটের একটি অংশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে যৌথ বাহিনী। মাস্কাট থেকে আসা একটি ফ্লাইটকে কেন্দ্র করে পরিচালিত এ অভিযানে প্রায় ২৭ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়। একই সঙ্গে ঘটনায় জড়িত সন্দেহে একজন যাত্রীকে আটক করা হয়েছে।

শনিবার (২ মে) রাত ১০টা ৫০ মিনিটের দিকে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী টার্মিনালে এই অভিযান পরিচালিত হয়। এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স এবং বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে এই তল্লাশি অভিযান চালানো হয়।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, সালাম এয়ারের OV-493 ফ্লাইটে করে মাস্কাট থেকে আসা যাত্রীদের মধ্যে মো. শামসুদ্দিন নামের এক ব্যক্তির লাগেজ সন্দেহজনক মনে হলে সেটি পৃথকভাবে পরীক্ষা করা হয়। তল্লাশিতে তার লাগেজ থেকে ২৮০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। আটক যাত্রীর বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় বলে জানা গেছে।

তবে শুধু ওই যাত্রীর লাগেজই নয়, অভিযান চলাকালে বিমানবন্দরের ১ নম্বর লাগেজ বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও বিপুল পরিমাণ সিগারেট পাওয়া যায়। সেখানে থাকা ১ হাজার ৬৫ কার্টন সিগারেট এবং একটি ল্যাপটপ জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। সব মিলিয়ে মোট ১ হাজার ৩৪৫ কার্টন ‘মন্ড’ ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

কাস্টমস কর্মকর্তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দ করা এসব সিগারেটের বাজারমূল্য এবং সম্ভাব্য রাজস্ব ক্ষতির পরিমাণ প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা। অবৈধভাবে এসব পণ্য দেশে আনার চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয় এবং এতে বড় ধরনের রাজস্ব ফাঁকির চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, উদ্ধার করা পণ্যগুলো বর্তমানে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
চাঁদাবাজি-মাদক নির্মূলে কঠোর বার্তা
মধুপুরে বিট পুলিশিং সভা চাঁদাবাজি-মাদক নির্মূলে কঠোর বার্তা
তেল বিতরণে একাধিক অনিয়ম, ফিলিং স্টেশনকে জরিমানা
নীলফামারী তেল বিতরণে একাধিক অনিয়ম, ফিলিং স্টেশনকে জরিমানা