এপ্রিলে সড়ক-নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ প্রাণহানি

দেশে গত এপ্রিল মাসে সড়ক-নৌ ও রেলপথে ৫০৪টি দুর্ঘটনায় ৪৩৪ জনের প্রাণহানি ঘটেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৭৩৭ জন। এর মধ্যে ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত ও ৭০৯ জন আহত হয়েছেন। এছাড়া ৭টি নৌ দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১১ জন আহত এবং ৩৪টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
বুধবার (৬ মে) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
প্রতিবেদনে দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা গেছে, মোটরসাইকেল চালক ও আরোহী ১১৩ জন, বাসের যাত্রী ৩০ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-লরি-ট্রলি-ট্রাক্টর আরোহী ৫১ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস আরোহী ২৪ জন, থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ৬১ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (ভটভটি-টমটম-মাহিন্দ্র) ১০ জন এবং রিকশা-বাইসাইকেল আরোহী ১৩ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৬৫৯টি। এরমধ্যে বাস ৮৪টি, ট্রাক ৯১টি, কাভার্ডভ্যান ২২টি, পিকআপ ২৩টি, ট্রাক্টর ১২টি, ট্রলি ১৪টি, লরি ৬টি, ট্যাঙ্ক লরি ২টি, সিটি কর্পোরেশনের ময়লাবাহী ট্রাক ১টি, মাইক্রোবাস ১৯টি, প্রাইভেটকার ১৭টি, জিপ ৩টি, মোটরসাইকেল ১৫৩টি, থ্রি-হুইলার ১১২টি (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা), স্থানীয়ভাবে তৈরি যানবাহন ৪৩টি (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র), রিকশা ১৩টি, বাইসাইকেল ৮টি এবং অজ্ঞাত যানবাহন ৩৬টি।
বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৩.৫৪ শতাংশ, প্রাণহানি ২৫.২৪ শতাংশ; রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১১ শতাংশ, প্রাণহানি ১০.৩৯ শতাংশ; চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২২.৪৬ শতাংশ, প্রাণহানি ২৩.২৬ শতাংশ; খুলনা বিভাগে দুর্ঘটনা ১৩.১৭ শতাংশ, প্রাণহানি ১২.৩৭ শতাংশ; বরিশাল বিভাগে দুর্ঘটনা ৬.৯১ শতাংশ, প্রাণহানি ৫.৯৪ শতাংশ; সিলেট বিভাগে দুর্ঘটনা ২.৫৯ শতাংশ, প্রাণহানি ২.৯৭ শতাংশ; রংপুর বিভাগে দুর্ঘটনা ১২.৭৪ শতাংশ, প্রাণহানি ১৫.০৯ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৫.৩৯ শতাংশ, প্রাণহানি ৪.৭০ শতাংশ ঘটেছে।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১০৯টি দুর্ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ১২টি দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৩৬টি দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, ত্রুটিপূর্ণ সড়ক, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, তরুণ-যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএ-র সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজির কথা প্রতিবেদনে উল্লেখ করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
ভিওডি বাংলা/এফএ







