বিশেষ দিনে একা ওমর সানী, মৌসুমীর ভিডিওবার্তা

ঢাকাই চলচ্চিত্রে নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। রুপালি পর্দায় যার উপস্থিতি একসময় ছিল দর্শকের ভালোবাসার আরেক নাম। দুই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে নিরবচ্ছিন্ন পথচলা, অসংখ্য ব্যবসাসফল সিনেমা আর চরিত্রের বৈচিত্র্য ওমর সানীকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।
আজ ৬ মে, রুপালি পর্দার একসময়ের জনপ্রিয় এ অভিনেতার জন্মদিন। ১৯৬৯ সালের এদিন বরিশালে জন্মগ্রহণ করেন ওমর সানী। তবে এবারের জন্মদিনটা তার জন্য একটু অন্যরকম। দেশে একাই কাটাচ্ছেন বিশেষ দিনটি। প্রিয় মানুষগুলো- স্ত্রী মৌসুমী, ছেলে-মেয়ে রয়েছেন যুক্তরাষ্ট্রে।
তবে ভালোবাসার কাছে দূরত্ব বাধা হতে পারেনি। মার্কিন মুলুক থেকে কেক কেটে ভিডিও বার্তায় স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমী। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের ভালোবাসায় ভরে উঠেছে কমেন্ট বক্স।
ভক্তদের পাশাপাশি ওমর সানী নিজেও সেই ভিডিওর নিচে মন্তব্য করেছেন। স্ত্রীর প্রতি ভালোবাসা জানিয়ে অভিনেতা লিখেছেন, “অনেক ধন্যবাদ তোমাকে… তোমার মাঝেই, তোমাদের মাঝেই খুঁজে পাই আমাকে।”
জন্মদিন নিয়ে কখনোই খুব একটা আয়োজন করেন না ওমর সানী। এর পেছনে রয়েছে ব্যক্তিগত এক বেদনার স্মৃতি। মে মাসের ২৩ তারিখ তার মায়ের মৃত্যুবার্ষিকী। তাই এই মাসজুড়ে আনন্দের চেয়ে শোকই বেশি ছায়া ফেলে তার মনে।
১৯৯৬ সালে ভালোবেসে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে বিয়ে করেন ওমর সানী। দাম্পত্য জীবনে তারা শোবিজের অন্যতম আলোচিত ও সফল দম্পতি। তাদের সংসার আলো করে রয়েছে—এক পুত্র ও এক কন্যা।
১৯৯২ সালে ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে ওমর সানীর অভিষেক। এরপর একের পর এক হিট সিনেমায় অভিনয় করে রোমান্টিক ও অ্যাকশন হিরো হিসেবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। ২০০৩ সালে ‘ওরা দালাল’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন তিনি, যেখানে ওমর সানীর বিপরীতে ছিলেন শাকিব খান।
ভিওডি বাংলা/এফএ







