‘প্রিন্স’ সিনেমার সেন্সর স্থগিত করল সার্টিফিকেশন বোর্ড

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’-এর সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত করেছে। এ সিদ্ধান্তের ফলে দেশের সব প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শন আপাতত বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সিনেমাটিতে অনুমোদন ছাড়া নতুন গান ও কিছু দৃশ্য যুক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এই অনিয়মের ভিত্তিতেই বোর্ড জরুরি পদক্ষেপ নেয়। তথ্য অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সেন্সর বোর্ড অনুমোদিত কপিতে যেসব সতর্কতামূলক নির্দেশনা ছিল, বিশেষ করে ধূমপান ও মাদক সেবন সম্পর্কিত বার্তা, সেগুলো পরিবর্তন বা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এটিকে গুরুতর নিয়ম লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে সিনেমাটির কিছু দৃশ্য নিয়েও আপত্তি জানিয়েছে বোর্ড। অভিযোগ অনুযায়ী, একটি গান-যা পূর্বে এককভাবে প্রকাশিত হয়েছিল-সেটিকে নতুনভাবে সিনেমায় যুক্ত করা হয়েছে অনুমতি ছাড়াই।
এছাড়া বিদেশের একটি লোকেশনে সহিংসতার চিত্র, যেখানে ধারালো অস্ত্র ব্যবহার করে হত্যার দৃশ্য দেখানো হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
আরও বলা হয়েছে, পূর্বে সেন্সর বোর্ড কর্তৃক কর্তন করা কিছু দৃশ্য আবার পুনরায় যুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে অতি সহিংস কিছু মুহূর্ত, যেমন হাত কাটার দৃশ্য ও গলা কেটে ফেলার মতো দৃশ্যের উপস্থাপন। পাশাপাশি নারী চরিত্রের কিছু দৃশ্য ও পোশাক নিয়েও আপত্তি জানানো হয়েছে, যা বোর্ডের অনুমোদিত সংস্করণে ছিল না।
এই সব অনিয়মের কারণে ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সিনেমাটি কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না।
উল্লেখ্য, রোজার ঈদে মুক্তি পাওয়া এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য এবং ইন্তেখাব দিনারসহ আরও অনেকে। মুক্তির পর সিনেমাটি আলোচনায় থাকলেও নতুন এই সিদ্ধান্তে আবারও বিতর্কের মুখে পড়েছে চলচ্চিত্রটি।
ভিওডি বাংলা/জা







