প্রবীণ আলেমের মৃত্যুতে শোক জানালেন ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা সরোয়ার কামাল আজিজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শুক্রবার (৮ মে) এক শোকবার্তায় তিনি বলেন, দেশের একজন অভিজ্ঞ ও প্রবীণ আলেমের মৃত্যুতে মুসলিম উম্মাহ এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে হারালো। তিনি সারাজীবন দ্বীনি আদর্শ প্রতিষ্ঠা ও ইসলামী আন্দোলনের কাজে নিবেদিত ছিলেন। তাঁর অবদান মুসলিম সমাজে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
ডা. শফিকুর রহমান মরহুমের রূহের মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে তাঁর সকল ভুলত্রুটি ক্ষমার প্রার্থনা করেন এবং জান্নাতুল ফেরদৌস দান করার দোয়া করেন। পাশাপাশি তিনি শোকাহত পরিবার, দলীয় সহকর্মী ও অনুসারীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।
উল্লেখ্য, আল্লামা সরোয়ার কামাল আজিজী শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে ও সাত কন্যাসহ অসংখ্য ছাত্র-অনুসারী রেখে গেছেন। ধর্মীয় ও সামাজিক অঙ্গনে তাঁর সক্রিয় ভূমিকা ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি তিনি পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ভিওডি বাংলা/জা







