দীর্ঘ টানাপড়েনের অবসান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়

দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে সুপারস্টার থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। নতুন এই সমীকরণে রাজ্য রাজনীতিতে ৬২ বছরের দ্বিদলীয় আধিপত্যের অবসানের ইঙ্গিত মিলছে।
থিরুমাভালাভানের নেতৃত্বাধীন দল ভিডুথালাই চিরুথাইগাল কাটচি (ভিসিকে) টিভিকে-কে নিঃশর্ত সমর্থন দেওয়ায় জোটের আসন সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১১৮-তে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’।
চলতি নির্বাচনে টিভিকে ১০৮টি আসনে জয়ী হয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনে পৌঁছাতে শুরুতে তারা পিছিয়ে ছিল। এর আগে কংগ্রেসের ৫ জন এবং বাম দলের ৪ জন বিধায়কের সমর্থন নিয়ে দলের মোট আসন দাঁড়ায় ১১৬-তে।
পরবর্তীতে ভিসিকে-র দুইটি আসনের সমর্থন যুক্ত হওয়ায় জোটের মোট শক্তি ১১৮-তে পৌঁছে যায়। যদিও ভিসিকে আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা দেয়নি, তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে তারা টিভিকে-কে নিঃশর্ত সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এই পরিস্থিতিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জটিলতার কারণে বিজয়ের শপথ গ্রহণও অনিশ্চয়তার মুখে পড়েছিল। রাজ্যপাল আর.ভি. আরলেকার একাধিকবার বিজয়ের সঙ্গে বৈঠক করলেও প্রয়োজনীয় সমর্থনপত্র না থাকায় সরকার গঠনের আমন্ত্রণ দেওয়া হয়নি।
রাজ্যপাল স্পষ্টভাবে জানিয়ে দেন, ১১৮ জন বিধায়কের লিখিত সমর্থন ছাড়া সরকার গঠন সম্ভব নয়। বিশেষ করে ভিসিকে-র অবস্থান অনিশ্চিত থাকায় পুরো প্রক্রিয়াই আটকে ছিল। অন্যদিকে বাম দলগুলো নিঃশর্ত সমর্থন দিলেও কংগ্রেসের সমর্থন ছিল শর্তসাপেক্ষ, যেখানে তারা দুইটি মন্ত্রিত্ব দাবি করেছে বলে জানা গেছে।
মাত্র দুই বছর আগে রাজনীতিতে আত্মপ্রকাশ করা টিভিকে-র এই উত্থান তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের চমক হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনে ডিএমকে পেয়েছে ৫৯টি এবং এআইএডিএমকে ৪৭টি আসন। অন্যদিকে পিএমকে ৪টি, আইইউএমএল ও বাম দলগুলো ২টি করে এবং বিজেপি ও আম্মা মাক্কাল মুনেত্র কাজাগাম একটি করে আসন পেয়েছে।
বর্তমানে টিভিকে-র নিজস্ব ১০৭ জন বিধায়ক রয়েছে। শরিকদের সমর্থন যুক্ত হয়ে রাজ্যে নতুন জোট সরকার গঠনের পথ এখন অনেকটাই পরিষ্কার।
সূত্র: এনডিটিভি
ভিওডি বাংলা/এমএস







