যুদ্ধবিরতি প্রস্তাবে আজই ইরানের জবাব আসতে পারে: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাবের জবাব আজ রাতেই আসতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার এবং বাংলাদেশ সময় শনিবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘আজ রাতে জবাব আসবে’।
তিনি আরও বলেন, “রাতে একটি চিঠি পাওয়ার ব্যাপারে আশা করছি আমি। আমরা দেখব কীভাবে কি হয়।”
তবে ওয়াশিংটনের পক্ষ থেকে ইরানের কাছে কী ধরনের প্রস্তাব পাঠানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে গতকাল রাতে ইরানের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। তাদের দাবি, নৌ-অবরোধ অমান্য করার চেষ্টা করায় ওই জাহাজ দুটিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। হামলার ফলে ট্যাংকার দুটি অচল হয়ে গেছে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানকে ঘিরে শুরু হয় টানা রক্তক্ষয়ী সংঘাত। প্রায় ৪০ দিন ধরে চলা এই যুদ্ধে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মার্কিন হামলার জবাবে ইরান ওই সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। একইসঙ্গে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিও বন্ধ ঘোষণা করে তেহরান।
পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। যদিও ২২ এপ্রিল ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, পরে প্রেসিডেন্ট ট্রাম্প সেটির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।
সূত্র: আল-আরাবিয়া
ভিওডি বাংলা/এমএস







