• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যার সমাধান করবে সরকার: প্রযুক্তিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৯ মে ২০২৬, ০৭:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ক্যাবল অপারেটর, আইএসপি এবং সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দেশের লাখো মানুষের কর্মসংস্থান জড়িত। তাই এ খাতকে টিকিয়ে রাখা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা সরকারের দায়িত্ব। ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যার সমাধানে সরকার পাশে থাকবে।

শনিবার (৯ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এ অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন (আইসিবিসি) এক্সপো ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রযুক্তিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্যাবল টেলিভিশন, সম্প্রচার ও টেলিযোগাযোগ খাত এখন প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করেছে। স্মার্ট প্রযুক্তি, ফাইবার অপটিক নেটওয়ার্ক, আইপি টিভি এবং ডিজিটাল কনটেন্ট ব্যবস্থার বিস্তারের ফলে এ খাত জাতীয় উন্নয়ন, কর্মসংস্থান এবং তথ্যপ্রযুক্তিনির্ভর অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, সরকার এ খাতের আধুনিকায়নে অবকাঠামো উন্নয়ন, নীতিগত সহায়তা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং প্রযুক্তিগত উদ্ভাবনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্যাবল অপারেটরদের দীর্ঘদিনের অবদান দেশের তথ্য ও বিনোদন খাতকে শক্তিশালী করেছে এবং ভবিষ্যতেও সরকার তাদের পাশে থাকবে।

এ সময়য় প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা, গ্রাহকের তথ্য নিরাপত্তা এবং মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন ফকির মাহবুব আনাম। এর পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং স্থানীয় কনটেন্ট উৎপাদনকে উৎসাহিত করার আহ্বান জানান।

উল্লেখ্য, ৭ মে শুরু হওয়া তিন দিনব্যাপী এক্সপোতে দেশি-বিদেশি ৬৭ টি প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক ক্যাবল টিভি, ব্রডকাস্টিং ও কমিউনিকেশন প্রযুক্তি ও সেবা প্রদর্শন করে।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি এ বি এম সাইফুল হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম, অ্যাটকোর সাধারণ সম্পাদক এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম এবং কোয়াব-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/সবুজ/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘের ‘এসটিআই ফোরামে  বক্তব্য রাখছেন প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খান। ছবি: সংগৃহীত
প্রিয়শপের জাতিসংঘ এসটিআই ফোরামের অংশগ্রহণ
ছবি: সংগৃহীত
এআই ব্যবহার করে কোটি ডলারের প্রতারণা, গুগলের মামলা
ছবি: সংগৃহীত
বাজেট ২০২৬-২৭ ৯০ শতাংশ জনগণকে ফাইভ জি’র আওতায় আনার লক্ষ্য