মুখ্যমন্ত্রী হিসেবে কাল শপথ নেবেন বিজয়

অভিনয় থেকে রাজনীতিতে এসে প্রথম নির্বাচনে বড় সাফল্যের পর এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক নিয়োগ পেলেন থালাপতি বিজয়। আগামীকাল রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় তিনি শপথ নেবেন।
শনিবার (৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
তামিলনাড়ু বিধানসভার মোট আসন ২৩৪টি। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ১১৮ আসন। নির্বাচনে বিজয়ের দল টিভিকে পেয়েছে ১০৮টি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আরও ১০ বিধায়কের সমর্থন দরকার ছিল তাদের।
পরে পৃথক ছয়টি দলের সমর্থন নিশ্চিত করে প্রয়োজনীয় সংখ্যা অর্জন করে টিভিকে। বর্তমানে দলটি ও তাদের জোটের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০।
শনিবার সমর্থনের প্রয়োজনীয় প্রমাণপত্র নিয়ে তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে সাক্ষাৎ করেন থালাপতি বিজয়। এরপর রাজ্যপাল তাকে মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়ে চিঠি জারি করেন।
চিঠিতে বলা হয়েছে, “তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার ভারতীয় সংবিধানের ধারা ১৬৪ অনুযায়ী থিরু সি জোসেফ বিজয়কে তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।”
যদিও তিনি থালাপতি বিজয় নামেই বেশি পরিচিত, তার প্রকৃত নাম থিরু সি জোসেফ বিজয়।
গত ৪ মে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে ক্ষমতাসীন সরকারকে পেছনে ফেলে সর্বোচ্চ আসন পায় বিজয়ের দল টিভিকে।
সম্পূর্ণ নতুন রাজনৈতিক দল হিসেবে এবারই প্রথম নির্বাচনে অংশ নেয় টিভিকে। প্রথমবারেই বড় সাফল্য পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠনে গত পাঁচ দিন জোটের সমর্থন জোগাড়ে ব্যস্ত থাকতে হয়েছে দলটিকে।
ভিওডি বাংলা/এমএস







