দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশে উচ্চশিক্ষা খাতে আরও নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও জ্ঞান বিনিময় কার্যক্রমকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন তিনি।
সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর উদ্বোধন এবং এডুকেশন এক্সপো-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, “আমাদের ১১৬ বিশ্ববিদ্যালয় আছে, আরও বেশ কিছু আসার পথে। এর মধ্যে ৫৭ বিশ্ববিদ্যালয় ভালো করছে। তবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের শিক্ষা ও জ্ঞান বিনিময় অর্থাৎ শিক্ষামেলার আয়োজনকে আমি সমর্থন করি। এটি আমাদের জন্য খুবই ভালো হবে।”
শিক্ষামন্ত্রী আরও বলেন, পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা নেবে এবং যোগ্য শিক্ষার্থীরা সেখানে পড়াশোনার সুযোগ পাবেন। তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করেন।
এহছানুল হক মিলন বলেন, “তারা পরীক্ষা নেবে এবং যোগ্যরা পড়াশোনার সুযোগ পাবেন। আমি বাংলাদেশের শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় অংশ নেয়ার ব্যাপারে অনুপ্রাণিত করছি। তাদের কিছু খুবই ভালো মানের বিশ্ববিদ্যালয় রয়েছে। আমাদের পক্ষ থেকে এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা থাকবে। এখানে বিনামূল্যে উচ্চশিক্ষা নেয়ারও সুযোগ রয়েছে। আল্লামা ইকবাল স্কলারশিপ খুবই সফল হবে বলে প্রত্যাশা করি।”
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার জানান, আগামী ১০ দিনের মধ্যে রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামেও পাকিস্তান-বাংলাদেশ এডুকেশন এক্সপো আয়োজন করা হবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে শিক্ষা, জ্ঞান ও সংস্কৃতি বিনিময়ের সুযোগ আরও বাড়বে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “এমওইউ’র মাধ্যমে পাকিস্তানে, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণার সুযোগ প্রদানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সহযোগিতা করার আহ্বান জানাই।”
ভিওডি বাংলা/এমএস







