কালকিনিতে মা-ছেলেসহ ৩ মাদক বিক্রেতা আটক

মাদারীপুর (কালকিনি) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে মা ও ছেলেসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১১ মে) উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্য্যমনি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, লক্ষ্মীপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে শাহীন মৃধা (৪০)। জাহাঙ্গীর সরদারের স্ত্রী নাজমা বেগম (৫৪) ও তার ছেলে দীন ইসলাম (২০)।
মাদারীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফরহাদ আকন্দের নেতৃত্বে একটি বিশেষ টিম সূর্য্যমনি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে দেড় শতাধিক ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফরহাদ আকন্দ বলেন,"আমরা গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে মা-ছেলেসহ তিনজনকে আটক করেছি। তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভিওডি বাংলা/এসআর







