আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজনে দেশের উচ্চশিক্ষাব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর বিষয়ক জাতীয় কর্মশালার উদ্বোধন করবেন তিনি।
মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারেক রহমান। বিষয়টি ঘিরে বিশ্ববিদ্যালয় অঙ্গন ও রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান জানিয়েছেন, কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।
উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে কর্মশালায় আলোচনা হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, দেশের উচ্চশিক্ষা খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তবভিত্তিক নীতিনির্ধারণে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, প্রধানমন্ত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় সফরকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শপথ গ্রহণের ৮৫তম দিনে তার আগমন উপলক্ষে বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত ৮৫টি ঔষধি গাছ রোপণ করেছে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ভিওডি বাংলা/জা







