কানে ঐশ্বরিয়া অনুপস্থিত, আলোচনায় আলিয়া ভাট

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান ফিল্ম ফেস্টিভ্যালে এবার দীর্ঘদিনের পরিচিত মুখ ঐশ্বরিয়া রাইয়ের অনুপস্থিতি নজর কেড়েছে দর্শক ও নেটিজেনদের। প্রায় দুই দশক ধরে এই উৎসবের রেড কার্পেটে নিয়মিত উপস্থিত থেকে আলো ছড়িয়েছেন তিনি। কিন্তু এবারের আসরে তাকে না দেখা যাওয়ায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের শূন্যতা।
ঐশ্বরিয়ার অনুপস্থিতির সুযোগে এবারের কানে আলোচনায় উঠে এসেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তিনি দ্বিতীয়বারের মতো এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেন এবং বিভিন্ন ফ্যাশন লুক দিয়ে রেড কার্পেটে নিজের উপস্থিতি জানান দেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলনা এড়ানো যায়নি-অনেকেই আলিয়াকে নিয়ে আলোচনা করলেও বারবার উঠে এসেছে ঐশ্বরিয়ার নাম।

১০ মে কান উৎসবকে কেন্দ্র করে প্রকাশিত একটি প্রচারণামূলক ভিডিওতেও আলিয়া ভাটকে দেখা যায়। এরপর থেকেই শুরু হয় অনলাইন আলোচনা। ঐশ্বরিয়াকে এবার না দেখায় অনেক নেটিজেন বিস্ময় প্রকাশ করেন এবং দুই তারকার তুলনা টেনে মন্তব্য করতে থাকেন।
একজন নেটিজেন লেখেন, “আলিয়া অবশ্যই সুন্দর এবং আকর্ষণীয়, কিন্তু তিনি কোনোভাবেই ঐশ্বরিয়ার জায়গায় পৌঁছাতে পারবেন না।” আরেকজন মন্তব্য করেন, “কেউ আলিয়ার ছবি তুলছেই না-এটা সত্যিই হতাশাজনক।” এ ধরনের প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

কানের উদ্বোধনী দিনে আলিয়া ভাটকে দেখা যায় স্নিগ্ধ ও মার্জিত এক সাজে। রিয়া কাপুরের স্টাইলিংয়ে তিনি তামারা রাল্ফ ডিজাইনের পিচ রঙের ক্যুচার গাউন পরেন। তার গলায় ছিল প্রবাল ও হীরার তৈরি একটি দৃষ্টিনন্দন নেকলেস, যা পুরো লুককে আরও আকর্ষণীয় করে তোলে।
ভিওডি বাংলা/জা







