• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএনপি-যুবলীগ তুমুল সংঘর্ষে নিহত ১, আহত ৩০

সুনামগঞ্জ প্রতিনিধি    ১৩ মে ২০২৬, ০২:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পুরোনো বিরোধকে কেন্দ্র করে যুবলীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন।

মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলিনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রতন মিয়া বিএনপি নেতা শাহাদীব মেম্বারের সমর্থক বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শাহাদীব মেম্বার এবং আলিনগর গ্রামের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মুহিতের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলাও রয়েছে। সপ্তাহখানেক আগে ঘটে যাওয়া আরেকটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা আরও বাড়ে।

অভিযোগ রয়েছে, মঙ্গলবার বিকেলে ভাটিপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহাদীব মেম্বারকে প্রতিপক্ষের লোকজন আটকিয়ে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আহতদের মধ্যে আব্দুল মুহিতের পক্ষের অন্তত ২০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে শাহাদীব মেম্বারের পক্ষের আহত ১০ জন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

গুরুতর আহত আল আমিন (২৬) ও সোনাই মিয়া (৭৫)-কে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে অভিযুক্ত দুই পক্ষের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, ঘটনার পর তারা এলাকা ছেড়ে গেছেন। তাদের ব্যবহৃত মোবাইল ফোনেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বন্ধ পাওয়া যায়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবহেলিত এলাকার উন্নয়ন করার প্রত্যয় এমপি রুমার
অবহেলিত এলাকার উন্নয়ন করার প্রত্যয় এমপি রুমার
নাগরপুরে অবৈধ বালু পরিবহন, ১০ হাজার টাকা জরিমানা
নাগরপুরে অবৈধ বালু পরিবহন, ১০ হাজার টাকা জরিমানা
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ