টানা ৪ দিন কমলো স্বর্ণের দাম

জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত মূল্যস্ফীতির আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম টানা চতুর্থ দিনের মতো কমেছে। একইসঙ্গে বিনিয়োগকারীদের নজর রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক পরবর্তী প্রভাবের দিকে। যদিও দুই দেশ বড় কোনো চুক্তির ঘোষণা দেয়নি।
শুক্রবার (১৫ মে) দ্বিতীয় দফায় আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫৫১.৮১ ডলারে দাঁড়িয়েছে। অপরদিকে জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ২.৮ শতাংশ কমে ৪,৫৫৬.৪০ ডলারে নেমেছে।
এদিকে বাংলাদেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম এদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভিওডি বাংলা/এফএ







