{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মেধাবীদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান আবদুস সালামের

নিজস্ব প্রতিবেদক    ১৬ মে ২০২৬, ০৭:১৮ পি.এম.
ছবি : ভিওডি বাংলা
ছবি : ভিওডি বাংলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের শুধু নিজেদের উন্নতির জন্য নয়, দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। মেধা আল্লাহর দান এবং সেই মেধাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নতুন প্রজন্মের ওপরই বর্তায়।

শনিবার (১৬ মে) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় পরিক্রমার উদ্যোগে আয়োজিত এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, তোমরাই এ দেশের ভবিষ্যৎ। আমাদের জীবন শেষের পথে, আর তোমাদের জীবন এখন শুরু হতে চলেছে। তোমরা যদি নিজেদের সত্যিকারভাবে গড়ে তুলতে পারো, তাহলে শুধু নিজেরাই লাভবান হবে না, দেশ ও জনগণও উপকৃত হবে।

তিনি বলেন, বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতামূলক। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন—সবখানেই যোগ্যদের টিকে থাকার লড়াই চলছে। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো মেধাবীদের মূল্যায়ন করে বলেই তারা এগিয়ে যাচ্ছে।

ডিএসসিসি প্রশাসক বলেন, আমাদের দেশের অনেক মেধাবী বিদেশে চলে যেতে চায়। কিন্তু মনে রাখতে হবে—এই দেশ আমাদের জন্মভূমি। দেশের প্রতি আমাদের ঋণ রয়েছে। দেশের মেধাবীরা যদি বিদেশে চলে যায়, তাহলে ভবিষ্যতে এই দেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক ও নেতৃত্ব তৈরি হবে কীভাবে?

শিক্ষার্থীদের ধৈর্য ও অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অনেক মেধাবী মাঝপথে ঝরে যায়। তাই জীবনের লক্ষ্য অর্জনে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে।

বাবা-মায়ের ত্যাগের কথাও স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, অনেক অভিভাবক নিজেদের কষ্ট আড়াল করে সন্তানদের ভবিষ্যৎ গড়তে কাজ করে যাচ্ছেন।

দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়ে আবদুস সালাম বলেন, আল্লাহ মানুষকে শুধু নিজের উন্নতির জন্য পৃথিবীতে পাঠাননি, মানুষের উপকার করার জন্য পাঠিয়েছেন। সমাজে সব পেশার মানুষের প্রয়োজন রয়েছে। পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার—সবাই সমাজের জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নাগরিক সচেতনতার অভাবেই রাজধানী ঢাকা আজ নানা সমস্যায় জর্জরিত। শুধু সিটি করপোরেশন নয়, নগরবাসীকেও দায়িত্বশীল হতে হবে। যত্রতত্র ময়লা ফেলা, ড্রেন দখল ও অপরিচ্ছন্ন পরিবেশ ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াচ্ছে।

ডিএসসিসি প্রশাসক বলেন, আমরা যদি নিজের বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখি, তাহলে পুরো ঢাকা শহর পরিষ্কার রাখা সম্ভব। সিটি করপোরেশনের ৫০ শতাংশ দায়িত্ব থাকলেও বাকি ৫০ শতাংশ দায়িত্ব জনগণের।

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা পেলে ভবিষ্যতে ঢাকা শহরের চেহারা বদলে দেওয়া সম্ভব। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের যথাযথ সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের হাতে সম্মাননা পুরস্কার, ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও মোশাররফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেন পুস্তি, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পরিচালক বেলাল আহমেদ, বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. সোহেল আল রেরুনী, অ্যাডভান্স গ্রুপের ডিরেক্টর ও সিইও ড. শামীম আহমেদ, এলিগেন্স স্পেশালাইজড হাসপাতাল পিএলসির পরিচালক আবু ইউছুফ চৌধুরী, বাংলাদেশ কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের প্রধান সমন্বয়কারী মো. নাসির উদ্দিন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক রেজওয়ান উস সালেহীনসহ আরও অনেকে।

ভিওডি বাংলা/খতিব/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিকেএস লটারির ড্র, পুরস্কার পেল যেসব নম্বর
বিপিকেএস লটারির ড্র, পুরস্কার পেল যেসব নম্বর
সম্পত্তি দখল ও বিক্রির অপচেষ্টা, প্রতিবাদে এতিমদের মানববন্ধন
সম্পত্তি দখল ও বিক্রির অপচেষ্টা, প্রতিবাদে এতিমদের মানববন্ধন
ছবি: ভিওডি বাংলা
বাবা-ছেলেকে জিম্মি করে নির্যাতন ও চাঁদাবাজি, গ্রেপ্তার ৩