কারিনা কায়সারের জানাজা শেষে এনসিপির বিক্ষোভ মিছিল

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন।
রোববার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
এর আগে রাত সোয়া ১০টার দিকে সেনাবাহিনীর লাশবাহী গাড়িতে করে কারিনা কায়সারের মরদেহ শহীদ মিনারে পৌঁছালে উপস্থিতদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। জানাজার আগে পরিবারের পক্ষ থেকে তার বাবা কায়সার হামিদ ও মা লোপা কায়সার সবার কাছে দোয়া কামনা করেন।
জানাজা শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হয়। এসময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। মিছিলে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
এর আগে কারিনা কায়সারের প্রথম জানাজা বনানী ডিওএইচএস মাঠে এবং দ্বিতীয় জানাজা বনানী দরবার শরীফে অনুষ্ঠিত হয়। সোমবার মুন্সিগঞ্জে গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা শেষে তাকে দাফন করা হবে।
ভিওডি বাংলা/আ







