মাদারীপুরে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার

মাদারীপুরে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— কলাগাছিয়া এলাকার চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী সন্তান।
পুলিশ জানায়, আমিরাবাদ এলাকায় মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় প্রায় তিন বছর ধরে ভাড়া থাকতেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে চিত্ময় দাস তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাসায় যান।
পরে মধ্যরাতে খবর পেয়ে ঘরের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, পাশের কক্ষে তখন একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তার ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
তবে প্রাথমিকভাবে সন্দেহভাজনের তালিকায় মিষ্টি বাড়ৈকে রাখা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/আ







