জামিনে মুক্তির পর জেলগেটেই ফের গ্রেপ্তার সাবেক এমপির ভাই

হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেট পেরোতেই আবারও পুলিশের হাতে আটক হয়েছেন মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিশাম।
রোববার (১৭ মে) বিকালে মাগুরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তির পর সদর থানা পুলিশ তাকে পুনরায় আটক করে।
জুলাই ও আগস্ট মাসে সংঘটিত বিভিন্ন ঘটনার পর দায়ের হওয়া অন্তত পাঁচটি মামলার এজাহারে আশরাফুজ্জামান হিশামের নাম রয়েছে। এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন।
এর আগে, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর ভোরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল স্থানীয় রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তিনি দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তালাবদ্ধ একটি ব্যাগসহ তাকে আটক করা হয়।
পুলিশের দাবি, বিভিন্ন মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর গ্রেপ্তারের পর থেকে তিনি মাগুরা জেলা কারাগারে ছিলেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন পুনরায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি।
ভিওডি বাংলা/আ







