ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে গাছের চারাভর্তি একটি ট্রাকের পেছনে মাছভর্তি পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন পিকআপচালক শামীম (৩০) এবং তার অজ্ঞাত পরিচয়ের সহকারী (১৮)।
নিহত শামীম যশোরের কোতোয়ালি থানার চাঁচড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (১৮ মে) ভোরে ভাঙ্গা পৌরসভার আতাদী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, ঢাকামুখী লেনে একটি গাছের চারাভর্তি ট্রাকের চাকা পাংচার হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতির মাছভর্তি একটি পিকআপ ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক শামীম মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপারকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ভিওডি বাংলা/আ







