কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ২

হবিগঞ্জের মাধবপুরে কাস্টমসের জাল কাগজপত্র ব্যবহার করে অবৈধভাবে পরিবহন করা ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুজনকে আটক করা হয়। জব্দ করা জিরার বাজারমূল্য প্রায় ১ কোটি ১ লাখ টাকা।
আটককৃতরা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার সেলিম মিয়া (৩১) ও আজমল হোসেন (২০)।
রোববার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক থেকে ৬ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। একই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, তল্লাশির সময় মালামালের সঙ্গে থাকা কাস্টমসের বিল অব এন্ট্রি ও এক্সপোর্ট সংক্রান্ত কাগজপত্র যাচাই করা হলে সেগুলো জাল বলে প্রমাণিত হয়। পরে ট্রাক, জিরা ও আটক দুই ব্যক্তিকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
মাধবপুর থানার এসআই শিবানী দাস জানিয়েছেন, এ ঘটনায় বিজিবি থানায় এজাহার দাখিল করেছে। আটককৃত দুইজনকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।
ভিওডি বাংলা/এফএ







