সৌদিতে পৌঁছেছেন ৬৫ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ১৮

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে চলতি মৌসুমে এখন পর্যন্ত ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব যাত্রী ১৬৯টি হজ ফ্লাইটে সৌদি আরবে গেছেন। একই সময়ে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।
মঙ্গলবার (১৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সর্বশেষ মারা যাওয়া হজযাত্রীর নাম সাজেদা বেগম (৫৬)। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন। গত ১৭ মে মক্কায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ পর্যন্ত মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ১৩ জন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ১৩ জন এবং মদিনায় পাঁচজন মৃত্যুবরণ করেছেন।
ধর্ম মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৮৬টি হজ ফ্লাইট। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইট হজযাত্রী পরিবহন করেছে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন মুসল্লি হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী।
গত ১৮ এপ্রিল রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করেন তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবগামী হজ ফ্লাইট পরিচালিত হবে।
আগামী ২৬ মে সৌদি আরবে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। হজ শেষে দেশে ফেরার ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে। ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
ভিওডি বাংলা/জা







