• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিসে যুক্ত হচ্ছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক    ১৯ মে ২০২৬, ০১:০১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রম আরও বিস্তৃত ও আধুনিক করতে দেশের বিভিন্ন এলাকায় ২০টি নতুন ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে জরুরি স্বাস্থ্যসেবা জোরদারে সংগ্রহ করা হচ্ছে আরও ১০০টি অ্যাম্বুলেন্স।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘ফায়ার সার্ভিস সপ্তাহ, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে সেবা দেওয়া হলেও চাহিদার তুলনায় তা এখনও পর্যাপ্ত নয়। এ কারণে জনগুরুত্ব বিবেচনায় নতুন স্টেশন নির্মাণ ও পুরোনো স্টেশন পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণে ১০০টি নতুন অ্যাম্বুলেন্স সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এখন দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে। অগ্নিকাণ্ড, দুর্ঘটনা কিংবা যেকোনো দুর্যোগে বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। তাদের পেশাদারিত্ব, সাহসিকতা ও আত্মত্যাগ সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, নৌ দুর্ঘটনা মোকাবিলায় বাহিনীর সক্ষমতা বাড়াতে জনবল নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ফায়ার স্টেশনের সংখ্যা বৃদ্ধি এবং সদস্যসংখ্যা ৩০ হাজারের বেশি করার লক্ষ্যে বাহিনীর অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনায় রয়েছে।

তিনি বলেন, প্রশিক্ষণের মান উন্নয়নে মুন্সীগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে সেবা সহজীকরণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে গত ১ মে থেকে অনলাইনভিত্তিক ই-ফায়ার লাইসেন্স কার্যক্রম চালু করা হয়েছে।

বাহিনীর সদস্যদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, আবাসন সংকট নিরসনে ঢাকার মিরপুর ও সদরঘাট এলাকায় কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুটি বহুতল আবাসিক ভবন নির্মাণাধীন রয়েছে। মিরপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের নতুন ভবনের কাজও এগিয়ে চলছে।

এছাড়া ‘ফায়ার অ্যান্ড রেসকিউ ভাতা’ এবং ফ্রেশ মানি প্রদানের দাবিও সরকার পর্যালোচনা করছে বলে জানান তিনি। এতে বাহিনীর সদস্যদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়মিত ঝুঁকির মুখোমুখি হন। সর্বশেষ টঙ্গীর কেমিক্যাল গোডাউনের অগ্নিকাণ্ডে বাহিনীর তিন সদস্য প্রাণ হারিয়েছেন।

তিনি আরও জানান, ২০২৫ সালে ফায়ার সার্ভিস ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করে প্রায় ৩ হাজার ২৬৩ কোটি টাকার সম্পদ রক্ষা করেছে। একই সময়ে ৭ হাজার ৮১৫টি সড়ক দুর্ঘটনায় আহত ৯ হাজার ২৬৬ জন ও নিহত ১ হাজার ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া অ্যাম্বুলেন্সের মাধ্যমে ১০ হাজার ৪৮০ জন রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে।

সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে গত বছর ১৪ হাজার ৯৮৭টি গণসংযোগ, ২ হাজার ৭৮টি ভবন সার্ভে এবং ১০ হাজার ৫৩৩টি ভবন পরিদর্শন করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি ১ হাজার ৩৯ জন নতুন কমিউনিটি ভলান্টিয়ার তৈরি এবং ২ লাখ ৫৬ হাজার ১৬৫ জনকে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে এদিন পাসিং আউটের মাধ্যমে আড়াই শতাধিক নতুন সদস্য ফায়ার সার্ভিস বাহিনীতে যোগ দেন। তাদের মধ্যে বুনিয়াদি প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী ৯ জনকে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আরও ২০ জন সদস্যকে পদক প্রদান করা হয়। গত তিন বছরের বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৩৮ জন সদস্য পদক পাচ্ছেন বলেও অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, বিশেষ অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল প্রমুখ।

ভিওডি বাংলা/এম আই/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ থেকে ৪ ক্যাটাগরিতে কর্মী নিতে আগ্রহী কাতার
বাংলাদেশ থেকে ৪ ক্যাটাগরিতে কর্মী নিতে আগ্রহী কাতার
নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা জোরদারে সরকারের নতুন উদ্যোগ
নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা জোরদারে সরকারের নতুন উদ্যোগ
বিমানবন্দরের সেবার মানোন্নয়নে সহায়তা দেবে সিঙ্গাপুর
বিমানবন্দরের সেবার মানোন্নয়নে সহায়তা দেবে সিঙ্গাপুর