জাল টাকা তৈরির সরঞ্জাম ও লাখ টাকাসহ গ্রেপ্তার ১

রাজধানীর মোহাম্মদপুরে জাল টাকা তৈরির একটি সক্রিয় চক্রের সন্ধান পেয়েছে র্যাব-৪। এ ঘটনায় মো. সজিব হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে জাল নোট, একটি ল্যাপটপ এবং জাল টাকা তৈরিতে ব্যবহৃত বিশেষ প্রিন্টিং সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।
মঙ্গলবার (১৯ মে) র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) কে এন রায় নিয়তি গণমাধ্যমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন হাউজিং সোসাইটি এলাকায় একটি বাসায় অভিযান চালানো হয়। সেখানে দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও বিতরণের কার্যক্রম চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অভিযানকালে আটক সজিব হোসেনের কাছ থেকে প্রায় ১৮ হাজার ৯০০ টাকার জাল নোট, একটি ল্যাপটপ এবং জাল নোট প্রস্তুতের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়। র্যাবের ধারণা, বাসাটিকে তিনি একটি ছোট আকারের ‘মিনি কারখানা’ হিসেবে ব্যবহার করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। তার দাবি অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং বিভিন্ন জায়গায় জাল নোট সরবরাহ করতেন।
তদন্তে উঠে এসেছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে একটি চক্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। বিশেষ করে অনলাইনের মাধ্যমে প্রিন্টিং ডিজাইনের সফট কপি সংগ্রহ করে জাল নোট তৈরি করা হতো বলে ধারণা করা হচ্ছে। এরপর সেই নোট বিভিন্ন জেলার ক্রেতাদের কাছে সরবরাহ করা হতো।
র্যাব আরও জানায়, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বাজারে নগদ লেনদেন বৃদ্ধি পাওয়ায় এ সময়টিকেই লক্ষ্য বানিয়েছিল চক্রটি। চট্টগ্রাম, সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে আরও জানা যায়, আটক সজিবের বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছিল। ২০২৪ সালেও মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে তিনি জাল টাকা সংক্রান্ত অপরাধে আটক হয়েছিলেন।
ভিওডি বাংলা/জা







