পথকুকুর অপসারণ নিয়ে অবস্থান স্পষ্ট করল ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মী পরিচয়ে পথকুকুর অপসারণ করা হচ্ছে—এমন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ বিভ্রান্তিকর, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৯ মে) ডিএসসিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএসসিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কিছু পেজ ও গ্রুপে দাবি করা হচ্ছে যে, কর্পোরেশনের কর্মীরা উদ্দেশ্যহীনভাবে কুকুর তুলে নিচ্ছে এবং সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে। এসব তথ্য ভিত্তিহীন বলে কঠোর প্রতিবাদ জানিয়েছে সিটি কর্পোরেশন।
সংস্থাটি বলছে, নগরবাসীকে জনদুর্ভোগ ও ‘পাবলিক নুইসেন্স’ থেকে সুরক্ষা দেওয়া সিটি কর্পোরেশনের একটি আইনগত ও মৌলিক দায়িত্ব। কোনো এলাকায় পাগলা বা আক্রমণাত্মক কুকুরের উপদ্রব দেখা দিলে, কিংবা কুকুরের কামড়ে মানুষ আহত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে জননিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে নিয়মতান্ত্রিক পদক্ষেপ নেওয়া হয়।
ডিএসসিসি আরও জানায়, এ ধরনের ক্ষেত্রে কুকুরগুলোকে সংগ্রহ করে ভেটেরিনারি চিকিৎসকের তত্ত্বাবধানে বন্ধ্যাকরণ (Neutering) এবং জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করা হয়। চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়। কর্পোরেশন স্পষ্টভাবে জানিয়েছে, কোনো অবস্থাতেই কুকুর নিধন বা প্রাণীর প্রতি অমানবিক আচরণ সমর্থন করা হয় না।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, প্রাণিসম্পদ আইন মেনে পরিবেশের ভারসাম্য ও জননিরাপত্তা নিশ্চিত করতে সব কার্যক্রম বৈজ্ঞানিক ও মানবিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে।
ডিএসসিসি অভিযোগ করেছে, একটি স্বার্থান্বেষী মহল সংগঠিতভাবে কর্পোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং গুজব ছড়ালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এছাড়া নগরবাসীকে বিভ্রান্ত না হয়ে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সঠিক তথ্য প্রচারে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে ডিএসসিসি।
ভিওডি বাংলা/জা







