আজ বাংলাদেশের নতুন কোচ ডুলি ঢাকায় আসছেন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিতে আজ শুক্রবার (২২ মে) ঢাকায় আসছেন নতুন কোচ থমাস ডুলি। জার্মান এই কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাফুফে। তবে ফেডারেশন সূত্রে জানা গেছে, আজ ঢাকায় আসবেন ৬৫ বছর বয়সী এই কোচ এবং এরপর চুক্তি স্বাক্ষরিত হবে।
জার্মানিতে জন্ম হলেও ডুলি আন্তর্জাতিক ফুটবল খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়ে। ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি বিশ্বকাপও খেলেছেন তিনি।
১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে হওয়া বিশ্ব আসরে স্বাগতিকদের হয়ে সব কটি ম্যাচ খেলেছিলেন। দেশটির হয়ে ৮১ ম্যাচ খেলে গোল করেছেন সাতটি। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতেন তিনি। ক্লাব ফুটবলে খেলেছেন বায়ের লেভারকুসেন, শালকের মতো ক্লাবে।
শালকের হয়ে জিতেছেন উয়েফা কাপ। আর বুন্দেসলিগা শিরোপা জেতেন এফসি কাইজারস্নাউটার্নের জার্সিতে।
কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ তাঁর। ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সহকারী কোচের ভূমিকায় ছিলেন। এরপর ফিলিপিন্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন।
প্রায় পাঁচ বছর ছিলেন দেশটির দায়িত্বে। কাজ করেছেন ভিয়েতনামেও। দেশটির ভি-লিগের ক্লাব ভিয়েত্তেলের স্পোর্টিং ডিরেক্টর পদে ছিলেন বছরখানেক। দুই বছর পর ২০২২ সালে আবারও ফিলিপিন্সের দায়িত্বে ফেরেন তিনি। সর্বশেষ গায়ানার ডাগ আউট সামলেছেন তিনি। বাংলাদেশের কোচ হওয়ার জন্য গত সপ্তাহে গায়ানা থেকে পদত্যাগ করেন তিনি।
আগামী ৫ জুন সান মেরিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে যাবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই থমাস ডুলির বাংলাদেশ যাত্রা শুরু হবে। এর আগে ২৪ মে থেকে শুরু হবে ক্যাম্প। যদিও এখনো স্কোয়াড ঘোষণা করা হয়নি। আনুষ্ঠানিক চুক্তি হওয়ার পরই হয়তো দল ঘোষণা করবেন ডুলি।
ভিওডি বাংলা/এসআর







