রামিসা ইস্যুতে বিচার দাবি ক্রিকেটারদের

পাকিস্তানকে ঐতিহাসিকভাবে টেস্ট সিরিজে হারিয়ে যখন উদযাপনে ভাসার কথা বাংলাদেশের ক্রিকেটারদের, ঠিক তখনই দেশের এক নির্মম ঘটনা ছাপিয়ে গেল সেই আনন্দ।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় শোক, ক্ষোভ আর বিচার দাবিতে সরব হয়েছেন দেশের ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছে।
জাতীয় দলের অন্যতম উইকেট কিপার-ব্যাটার লিটন কুমার দাস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘একজন কন্যাসন্তানের বাবা-মা হিসেবে রামিসার খবরটি শোনা অত্যন্ত মর্মাহত ও হৃদয়বিদারক। এ ধরনের ঘটনা কোনো সমাজেই সহ্য করা যায় না...এ ধরনের ঘটনায় সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।’
সাকিব আল হাসান বলেন, ‘একটি শিশুর কান্না শুধু একটি পরিবারের শোক নয়, এটি পুরো সমাজের ব্যর্থতার প্রতিধ্বনি... রামিসার জন্য দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ভিওডি বাংলা/এসআর







