ঈদে যেভাবে ঘরেই তৈরি করবেন কাবাব গোশত

পবিত্র ঈদুল আজহা মানেই পরিবারের সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি আর পছন্দের খাবারের আয়োজন। কোরবানির তাজা মাংস দিয়ে তৈরি নানা পদের মধ্যে কাবাব গোশত একটি জনপ্রিয় ও সুস্বাদু খাবার। ঘন মসলার সুবাস, নরম মাংস আর ঝোলঝাল স্বাদের কারণে এই পদটি ছোট-বড় সবার কাছেই বেশ পছন্দের।
শুধু ঈদের দিনেই নয়, যেকোনো বিশেষ পারিবারিক অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়নেও কাবাব গোশত হতে পারে দারুণ একটি পদ। সাধারণ কিছু উপকরণ ব্যবহার করেই ঘরে সহজে রান্না করা যায় ঐতিহ্যবাহী এই খাবারটি।

যেসব উপকরণ লাগবে
এই রেসিপি তৈরির জন্য লাগবে এক কেজি গরুর মাংস, এক কাপ টক দই, এক টেবিল চামচ পেঁয়াজ বাটা, এক চা চামচ করে আদা ও রসুন বাটা, এক চা চামচ জিরা বাটা, আধা চা চামচ পোস্ত বাটা এবং এক চা চামচ কাঠবাদাম বাটা।
এ ছাড়া প্রয়োজন হবে গোলমরিচ গুঁড়া, মরিচ গুঁড়া, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, জায়ফল ও জয়ত্রী বাটা। স্বাদমতো লবণ, সামান্য চিনি, আধা কাপ পেঁয়াজ বেরেস্তা, সামান্য ঘি এবং এক টেবিল চামচ কেওড়া পানি ব্যবহার করলে স্বাদ আরও বাড়বে।
যেভাবে প্রস্তুত করবেন
প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর একটি বড় পাত্রে মাংসের সঙ্গে টক দই ও সব ধরনের বাটা মসলা মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তবে এই পর্যায়ে জায়ফল ও জয়ত্রী ব্যবহার না করাই ভালো। মসলা মাখানো মাংস অন্তত এক ঘণ্টা রেখে দিলে মাংসের ভেতরে মসলার স্বাদ ভালোভাবে ঢুকে যাবে।
এরপর একটি কড়াইয়ে ঘি গরম করে এলাচ, দারুচিনি, লবঙ্গ ও তেজপাতা দিয়ে ফোঁড়ন দিতে হবে। তারপর ম্যারিনেট করা মাংস কড়াইয়ে দিয়ে মাঝারি আঁচে ধীরে ধীরে কষাতে হবে। কিছুক্ষণ পর প্রয়োজনমতো লবণ ও সামান্য চিনি যোগ করতে হবে।
মাংস থেকে তেল ছেড়ে এলে এতে দুই কাপ গরম পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে। মাংস নরম হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা, জায়ফল ও জয়ত্রী বাটা দিয়ে আবারও কিছুক্ষণ অল্প আঁচে রান্না করতে হবে।
সবশেষে কেওড়া পানি ছিটিয়ে কয়েক মিনিট ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে সুগন্ধি ও মজাদার কাবাব গোশত।

পরিবেশন যেভাবে
গরম নান, পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করলে কাবাব গোশতের স্বাদ আরও বেড়ে যায়। চাইলে সালাদ বা বোরহানির সঙ্গেও পরিবেশন করা যেতে পারে। ঈদের দুপুর কিংবা রাতের খাবারের টেবিলে এই পদ সহজেই বাড়িয়ে দেবে উৎসবের আমেজ।
ভিওডি বাংলা/জা







