• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব

ঈদের ছুটিতে ফাঁকা বাকৃবি: থমকে যায় ক্যাম্পাসনির্ভর ব্যবসা

ক্যাম্পাস প্রতিনিধি    ২৭ মে ২০২৬, ০৩:৩০ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

ঈদ মানেই আনন্দ, প্রিয়জনের কাছে ফেরা আর উৎসবের উচ্ছ্বাস। কিন্তু এই আনন্দের ভিড়েই নীরবে চাপা পড়ে যায় কিছু মানুষের দীর্ঘশ্বাস। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাস যখন শিক্ষার্থীদের পদচারণাহীন হয়ে পড়ে, তখন থমকে যায় ক্যাম্পাসকেন্দ্রিক অসংখ্য ক্ষুদ্র ব্যবসা। ফাঁকা হয়ে যায় জব্বার মোড়, টিএসসি এলাকা, হলসংলগ্ন চায়ের দোকান কিংবা ফটোকপির স্টলগুলো। শিক্ষার্থীদের কোলাহল থেমে গেলে কমে যায় দিন এনে দিন খাওয়া বহু মানুষের উপার্জনও। তাই কারও কাছে ঈদ আনন্দের, আবার কারও কাছে এটি হয়ে ওঠে টিকে থাকার লড়াইয়ের সময়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে ঘিরে গড়ে উঠেছে ছোট-বড় অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের উপস্থিতির ওপর নির্ভর করেই চলে চা দোকান, খাবারের হোটেল, ফটোকপি ও প্রিন্টিং দোকান, ভ্যানচালক, রিক্সাচালকসহ অনেক মানুষের জীবিকা। কিন্তু ঈদের দীর্ঘ ছুটি শুরু হলেই অধিকাংশ শিক্ষার্থী বাড়ি ফিরে যাওয়ায় ক্যাম্পাসে নেমে আসে নীরবতা। এতে আয় কমে যায় এসব কর্মজীবী মানুষের।

বাকৃবির মিলন হোটেলের মালিক মিলন বলেন, ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ হলে দোকানও বন্ধ রাখতে হয়। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ায় বিক্রি অনেক কমে যায়, তাই লসের চেয়ে দোকান বন্ধ রাখাই ভালো মনে করি। তবে দোকান বন্ধ থাকলেও স্টাফদের বেতন, বোনাস ও অগ্রিম টাকা দিতে হয়। অনেক কর্মচারী ২ হাজার, ৫ হাজার বা ১০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম চান, যা ব্যবসার স্বার্থে দিতে বাধ্য হই। তখন হাতে টাকা না থাকায় বিভিন্ন এনজিও থেকে ঋণ নিতে হয়। পরে দোকান খোলার পর ধীরে ধীরে ব্যবসা করে সেই ঋণ পরিশোধ করি। ঈদের মতো বড় ছুটিতে ক্ষতি কম নয়, মোটামুটি ভালোই ক্ষতি হয়। তবুও কোনো রকমে ব্যবসা চালিয়ে যাচ্ছি। লাভ-ক্ষতি মিলিয়েই জীবন চলছে।

বাকৃবির জাহিদ এন্টারপ্রাইজ দোকানের মালিক মো. মামুন বলেন, বর্তমানে তার দৈনিক আয় ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে হলেও ঈদের লম্বা ছুটির সময় তা নেমে আসে ১০০ থেকে ১৫০ টাকায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট লোকজন না থাকলে এলাকায় তেমন মানুষের উপস্থিতি থাকে না। বাইরের কেবল দুই-একজন মানুষ আসেন। ফলে ক্যাম্পাস বন্ধ থাকলে ব্যবসা পরিচালনা করা খুব কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা না থাকলে ক্যাম্পাস একেবারে ফাঁকা হয়ে যায়। তখন মাঝে মাঝে দোকান খোলা রাখি, আবার কখনো বন্ধ করে চলে যাই। কারণ ফাঁকা ক্যাম্পাসে দীর্ঘ সময় অবস্থান করতেও ভালো লাগে না। অন্যান্য জায়গার মতো ঈদের সময় ক্যাম্পাস এলাকায় বেচাকেনা বাড়ে না, বরং শিক্ষার্থীরা বাড়ি চলে যাওয়ায় বিক্রি কমে যায়। ঈদের দিন দোকান বন্ধ রাখি। এর দুই-তিন দিন পর দোকান খুললেও তেমন লাভ হয় না, কারণ তখনও অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে ফেরে না। তবে সাধারণত ঈদের পরের দিন থেকে কিছু দর্শনার্থী ক্যাম্পাসে ঘুরতে আসেন। রোজার ঈদের সময় দুপুর পর্যন্ত লোকজনের উপস্থিতি কম থাকে। তবে কোরবানির দিন বিকেলের দিকে কিছু মানুষের আনাগোনা বাড়ে। এছাড়া কোরবানির পর ঢাকা ও অন্যান্য এলাকা থেকে অনেকে ক্যাম্পাসে এসে ঘুরে যান এবং খোলা পরিবেশে সময় কাটান, তখন বিক্রি কিছুটা বাড়ে।

ক্যাম্পাসের ফটোকপি দোকানের মালিক মো. জসিম বলেন, “ক্যাম্পাসে যখন ছুটিতে সবাই চলে যায়, তখন দোকানে বসে নাটক দেখা ছাড়া আর কোনো উপায় থাকে না।”

তিনি জানান, বর্তমানে ক্যাম্পাস খোলা থাকলেও প্রতিদিন মাত্র ৪০০ থেকে ৫০০ টাকার বিক্রি হয়। ছুটি শুরু হলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। ক্যাম্পাস বন্ধ হয়ে গেলে তো আর লোকজন থাকবে না। তখন কী অবস্থা হয় বুঝতেই পারেন।

বিশ্ববিদ্যালয়ের অটোরিকশা চালক মোমেন মিয়া বলেন, শিক্ষার্থীরাই আমার জীবিকা উপার্জনের অন্যতম মাধ্যম। তারা ঈদের ছুটিতে চলে যাওয়ার পর রিকশা চালানো বন্ধ রাখতে হয়। তবে ঈদের সময় ক্যাম্পাসে প্রচুর পরিমাণে দর্শনার্থী ঘুরতে আসায় তখন কিছু উপার্জনের আশা রয়েছে।

তবে দীর্ঘ ছুটি শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরলেই আবার প্রাণ ফিরে পায় বাকৃবি। জমে ওঠে দোকানপাট, বাড়ে বিক্রি, ফিরে আসে কর্মব্যস্ততা। সেই আশাতেই দিন পার করেন এসব কর্মজীবী মানুষ।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাপানের মর্যাদাপূর্ণ বায়োটেক অ্যাওয়ার্ড পেলেন কুবির জান্নাতুল ফেরদৌস
জাপানের মর্যাদাপূর্ণ বায়োটেক অ্যাওয়ার্ড পেলেন কুবির জান্নাতুল ফেরদৌস
দীপেন দেওয়ানের পদত্যাগ দেশের ইতিহাসে এক বিরল ঘটনা
সর্ব মিত্র চাকমা দীপেন দেওয়ানের পদত্যাগ দেশের ইতিহাসে এক বিরল ঘটনা
নোবিপ্রবিতে আপত্তিকর চিত্র আঁকাকে কেন্দ্র করে ছাত্রীদের বিক্ষোভ
নোবিপ্রবিতে আপত্তিকর চিত্র আঁকাকে কেন্দ্র করে ছাত্রীদের বিক্ষোভ