• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন মোড়, পারমাণবিক ইস্যুতে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ মে ২০২৬, ০৫:৩৫ এ.এম.
ছবি: সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য একটি চুক্তির দিকে অগ্রগতির ইঙ্গিত মিললেও দুই দেশের শীর্ষ পর্যায়ের বক্তব্যে স্পষ্ট দ্বন্দ্ব দেখা যাচ্ছে। কূটনৈতিক অচলাবস্থা এখনো কাটেনি, বরং পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা আরও বাড়ছে।

বুধবার (২৭ মে) মন্ত্রিসভার বৈঠকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আলোচনার মাধ্যমে ইরান কোনো ধরনের নিষেধাজ্ঞা ছাড় পাবে না। তিনি বলেন, ‘আমরা কোনো নিষেধাজ্ঞা শিথিল বা অর্থ দেওয়ার কথা বলছি না।’

একই দিনে পিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানকে তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করতে হবে। তিনি স্পষ্টভাবে বলেন, ‘তারা তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ছেড়ে দেবে, নিষেধাজ্ঞা ছাড়ের বিনিময়ে নয়। না, না, মোটেই না।’

এর আগে সোমবার ট্রাম্প মন্তব্য করেন, সমৃদ্ধ ইউরেনিয়াম হয় সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে ধ্বংস করা হবে, নতুবা ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে সমন্বয়ে সেখানেই তা ধ্বংস করতে হবে।

অন্যদিকে তেহরান দাবি করছে, তাদের কাছে থাকা প্রায় ৪৪০ কেজি পারমাণবিক উপাদান তারা হস্তান্তর করবে না। এক মাসেরও বেশি আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান যুক্তরাষ্ট্রকে ইউরেনিয়াম নেওয়ার অনুমতি দিতে রাজি হয়েছে, যদিও পরে তেহরান তা সরাসরি অস্বীকার করে।

পারমাণবিক ইস্যুর পাশাপাশি দুই দেশের মধ্যে নিষেধাজ্ঞা, ইরানি বন্দরে মার্কিন নৌ অবরোধ এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও বিরোধ চলছে।

মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প আরও দাবি করেন, ইরানের সেনাবাহিনী ও বিমানবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে। তার ভাষায়, ‘তারা খুব চুক্তি করতে চায়।’ তবে তিনি যোগ করেন, ‘আমরা এতে সন্তুষ্ট নই, তবে হব। হয় সেটা হবে, নয়তো আমাদের কাজ শেষ করতে হবে।’—যা নতুন করে সামরিক পদক্ষেপের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো উসকানি ছাড়াই ইরানে হামলা শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি ও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন এবং শত শত বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে। এর জবাবে ইরান ইসরায়েল ও পুরো অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যার মাধ্যমে বিশ্বের মোট তেল বাণিজ্যের ২০ শতাংশের বেশি পরিবাহিত হয়।

এই অবরোধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায় এবং যুক্তরাষ্ট্রেও মূল্যস্ফীতি বাড়ে। তবে ট্রাম্প প্রশাসন প্রণালীটি পুনরায় খুলতে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।

বুধবার ট্রাম্প আরও বলেন, ইরান সময়ক্ষেপণ করে কোনো ছাড় আদায়ের সুযোগ পাবে না। তার ভাষায়, ‘আমি মধ্যবর্তী নির্বাচনের পরোয়া করি না। মানুষ বিষয়টা বোঝে, খুব সহজ কথা, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না।’

হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে যৌথ নিয়ন্ত্রণের প্রস্তাবও নাকচ করে দেন তিনি। ট্রাম্প বলেন, ‘ওমান সবার মতো আচরণ করবে, নইলে আমাদের ওদের উড়িয়ে দিতে হবে। তারা সেটা বোঝে। তারা ঠিকঠাক থাকবে।’

ইরানের দাবি ‘ভিত্তিহীন’ বলছে হোয়াইট হাউস

বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একটি সম্ভাব্য সমঝোতা স্মারকের তথ্য প্রকাশ করা হয়, যেখানে বলা হয় ৩০ দিনের মধ্যে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হলে যুদ্ধ-পূর্ব অবস্থার মতো জাহাজ চলাচল স্বাভাবিক করা হবে। তবে সামরিক জাহাজ এই চুক্তির বাইরে থাকবে এবং প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে।

তবে হোয়াইট হাউস দ্রুত এই দাবি প্রত্যাখ্যান করে সামাজিক মাধ্যমে জানায়, ‘ইরানিয়ান নিয়ন্ত্রিত গণমাধ্যমের এই খবর সত্য নয় এবং তারা যে সমঝোতা স্মারক প্রকাশ করেছে সেটি সম্পূর্ণ মনগড়া। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের কথা কেউ বিশ্বাস করবেন না। তথ্যই আসল কথা।’

তবে হোয়াইট হাউস নির্দিষ্ট করে কোন তথ্য ভুল তা উল্লেখ করেনি।

ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে কোনো একক দেশের আধিপত্য যুক্তরাষ্ট্র মেনে নেবে না। তিনি বলেন, ‘আমরা নজর রাখব, কিন্তু কেউ এটা নিয়ন্ত্রণ করবে না। এটাই আলোচনার অংশ।’

ইরানের আটকে থাকা অর্থ ছাড়ের বিষয়ে ট্রাম্প জানান, ‘যখন তারা সঠিকভাবে আচরণ করবে এবং সঠিক কাজ করবে, তখন আমরা তাদের অর্থ দেব।’

এদিকে ৮ এপ্রিল থেকে অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হলেও ইরান-যুক্তরাষ্ট্র সংকটের স্থায়ী সমাধান এখনো অনিশ্চিত রয়ে গেছে।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তান সীমান্তে ‘অবৈধ’ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ ভারতের
পাকিস্তান সীমান্তে ‘অবৈধ’ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ ভারতের
ঈদে পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ, পূর্ণ সমর্থনের আশ্বাস দিলেন শাহবাজ
ঈদে পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ, পূর্ণ সমর্থনের আশ্বাস দিলেন শাহবাজ
গাজায় ইসরায়েলি হামলা, হামাসের শীর্ষ কমান্ডার নিহত
গাজায় ইসরায়েলি হামলা, হামাসের শীর্ষ কমান্ডার নিহত