এনসিপি নেতাকে জুতাপেটা, ভিডিও ভাইরাল

বগুড়ায় শিবগঞ্জে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র সমন্বয় টিমের সদস্য আলী আজম সাব্বিরকে নারীদের জুতাপেটা করার ভিডিও ভাইরাল হলে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অশালীন আচরণ করায় নারী প্রশিক্ষণার্থীরা জুতাপেটা করেন- যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়।
শুক্রবার (২৯ মে) রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত চিঠিতে তাকে দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, আলী আজম বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছিলেন। সেখানে প্রশিক্ষণ নিতে আসা কয়েকজন নারীকে ফোন করে ও অশ্লীল বার্তা পাঠিয়ে একাধিকবার অনৈতিক প্রস্তাব দেন। অতিষ্ঠ হয়ে ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী টিটিসির একটি কক্ষে আটকে আলী আযমকে জুতাপেটা করেন।
প্রশিক্ষক রাশেদুল হাসান জানান, আলী আজম দোষ স্বীকার করে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন। অফিস খোলার পর একাডেমি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, ‘অভিযোগ আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরপরই আলী আজম সাব্বিরকে সংগঠনের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তার অবস্থান ব্যাখ্যা করার জন্য ৩ দিন সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’
ভিওডি বাংলা/আরআর/এফএ







